বাস থামিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতো তারা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ০৬:৫০ পিএম
সোনারগাঁয় কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুই পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র্যাব-১১’র সদস্যরা। আটকরা হলো- মো. জিয়াউর রহমান ওরফে জিয়া (২৫) ও মো. বাপ্পি মিয়া (৪০)।
এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির তিন হাজার ৭ হাজার ৩শ’ টাকা উদ্ধার করা হয়। সোমবার (১০ আগষ্ট) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জিয়া ও বাবুলের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় চলাচলরত যাত্রাবাহী পরিবহন বাস থামিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ৫০ টাকা থেকে ১শ’ টাকা করে চাঁদা আদায় করে আসছে।
আটকের পর জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ হয়ে পরষ্পর যোগসাজশে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় চলাচলরত যাত্রাবাহী বাস থামিয়ে বাসের চালক ও হেলপারকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল।
তাদের অত্যাচারে পরিবহন চালকরা অতিষ্ঠ হয়ে পড়েছিল। আটকদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।


