নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা মডেল থানা এলাকার ৩২ জন মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে পোস্টার করেছিলো জেলা পুলিশ। ঘোষিত তালিকা নিয়ে ব্যাপাক কিতর্ক ছিলো। বলা হয়েছিলো, যাদের নাম উঠে এসেছে তালিকাতে তাদের অধিকাংশই ছিচকে। তালিকায় ছিল না রাঘববোয়াল।
এমন প্রশ্ন যখন উঠেছিলো তখন তৎসময়কার পুলিশ সুপার আনিসুর রহমান গণমাধ্যমকর্মীদের জানিয়েছিলেন, ‘এই তালিকা চলমান প্রক্রিয়া। সামনে আরও তালিকা হবে।’
তবে, শেষতক নতুন করে আর কোনো তালিকা হয়নি। তিনিও আর নেই এই জেলাতে। আবার পুরস্কার ঘোষিত ৩২ মাদক ব্যবসায়ীদের মধ্যে দু চারজন ছাড়া অন্যরা রয়েছেন স্ব স্ব অবস্থানে।
প্রকাশিত ৩২ জনের তালিকার একজন ফতুল্লা রেল স্টেশনের ডাকাত লিপু ওরফে বোমা লিপু ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। তাকে ধরিয়ে দিতে পারলে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা ছিল পুলিশের। কিন্তু সে ছিলো সর্বোচ্চ চিহ্নিত।
যাদের জন্য ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে তাদের অস্থান ছিলো তার থেকে অনেক নিচে। শুধু তাই নয়, তালিকাভূক্ত এই ৩২ জনের বাইরে অসংখ্য মাদক ব্যবসায়ী রয়েছে। যা স্বীকার করেছিলেন বিদায়ী পুলিশ সুপার আনিসুর রহমান নিজেও।
তিনি জানিয়েছিলেন, ‘৩২ বা ৪০ জনের মধ্যেই সীমাবদ্ধ নয়। এদের সংখ্যা আরও বেশি। আমাদের এই তালিকা তৈরির প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলমান থাকবে।
আমরা নারায়ণগঞ্জের প্রতিটি নাগরিকের সহযোগিতা প্রত্যাশা করি। তথ্য দিন আমরা ব্যবস্থা নিবো। তথ্য প্রদাণকারীর পরিচয় গোপন রাখা হবে পাশাপাশি তাকে পুরষ্কৃত করা হবে।’
এদিকে গত বছর চানমারী এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয় মাদক ব্যবসায়ী বিপ্লব। যার বিরুদ্ধে ২০ টি মামলা ছিলো বলে জানিয়েছে পুলিশ। অথচ তার নাম ছিলো না প্রকাশিত তালিকাতে।
ঠিক তারই মত এমন আরও ভয়ঙ্কর মাদক কারবারি রয়েছে যাদের নাম তালিকাতে উঠে আসেনি। তাদের মধ্যে অন্যতম হচ্ছে, শহরের শীর্ষ মাদক ব্যবসায়ী সালাউদ্দিন বিটু, রাহাত, হাজী রিপন, আপেল, মোফাজ্জল হোসেন চুন্ন প্রমূখ।
সূত্র বলছে, প্রকাশিত ৩২ জনের একজন নিহত, কয়েকজন গ্রেফতার হলেও অন্যরা রয়েছে বহাল তবিয়তে। পাশাপাশি পুরস্কার ঘোষিত তালিকার বাইরে থাকা মাদক ব্যবসায়ীদের অনেকেই রয়েছে অধরা।
যদিও এসপি আনিসুর রহমানের পর জেলায় পুলিশ সুপার হিসেবে হারুন অর রশীদ যোগদান করে জানিয়েছিলেন মাদকের সাথে কোনো আপস নেই। তিনি তার কথা মতো চলেছেনও। বর্তমানে তিনিও নেই এই জেলাতে। বর্তমানে এই জেলায় পুলিশ সুপার হিসেবে রয়েছেন মোহাম্মদ জায়েদুল আলম।
সূত্র বলছে, একজন এসপির পক্ষে সম্ভব নয় মাদক ব্যবসায়ীদের আতাপাতা লাগানো যতক্ষণ না থানা পুলিশ এদের চিহ্নিত করে তালিকা তৈরি না করবেন। কেননা, মাদক ব্যবসায়ীদের খবর রয়েছে থানা পুলিশের কাছে। ফলে থানা পুলিশ হয়তো সেভাবে মাদক নির্মূলে সোচ্চার হচ্ছেন না তাই রাঘববোয়ালও ধরা পড়ছে না।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১৭ সেপ্টম্বর নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লার ৩২ জন মাদক ব্যবসায়ীর ছবি সম্বলিত পোস্টার বিভিন্ন স্থানে সাটানো হয়। মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ার জন্য ১০ হাজার ও ৫ হাজার টাকা করে পুরস্কারও ঘোষণা করেছিলেন সাবেক পুলিশ সুপার আনিসুর রহমান।
পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ীদের মধ্যে সদর থানা এলাকায় ১৬ জন মাদক ব্যবসায়ী রয়েছে। এরা হলেন ২ নং বাবুরাইল এলাকার মো. বাদশা (৪০), পাইকপাড়া এলাকার মৃত মুরাদ মিয়ার ছেলে মো. শহিদুল ইসলাম উরফে রুমান (৪৮), ১৯২ নং দেওভোগ পাক্কা রোড এলাকার মৃত সাদেক আলির ছেলে বাদল/বাদলা/মকবুল হোসেন(৫১), সৈয়দপুর(পশ্চিম ফকির বাড়ি) এলাকার শামসুদ্দিনের ছেলে কালা মিয়া ওরফে হামিদ ওরফে কালাই (৩৮), বেপাড়ি পাড়া এলাকার মৃত মুনু মিয়ার ছেলে রানা (৩৫), দক্ষিণ রেলি বাগান এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে মো. শেখ ফরিদ (২৭), রয়েল ট্যংক রোড রেলি বাগান এলাকার মৃত অর্জুন চন্দ্র পালের ছেলে কার্তিক চন্দ্র পাল (২৮), : দেওভোগ আখড়া মসজিদ হোল্ডিং নং ৫২ এলএন রোডের মৃত কালাচাঁন মিয়ার ছেলে দিপু (৩৬), হোল্ডিং নং ৮১; ২নং রেল গেইট বিবি রোডের হারুন রশিদের ছেলে সোয়াদ হোসেন ওরফে বান্টি (২৫), পাইকপাড়া (ভাসমন) এলাকার জয়নাল আবেদিনের ছেলে মহিউদ্দিন (৩৫), দেওভোগ পানির ট্যাংকী এলাকার মৃত এনায়েত আলির ছেলে আওলাদ(৩২), পাইকপাড়া এলাকার সালাউদ্দিনের ছেলে রাজু আহমেদ (৩৫), সৈয়দপুর আল-আমিন নগরের মৃত খালেক বেপারীর ছেলে জাবেদ বেপারী(৪০), দক্ষিণ রেলী বাগানের মৃত শহিদুল ইসলামের ছেলে মো. বাদল (৩৭), রেলী বাগানের ওয়াজউদ্দিনের ছেলে সালাউদ্দীন (৩১), কুমুদিনী বাগানের মাসুদ ওরফে সিআইডি মাসুদ।
ফতুল্লার থানার ১৬ মাদক ব্যবসায়ীরা হলেন, দাপা মসজিদ এলাকার মৃত মতলব কাজীর ছেলে রিপন কাজী, মাসদাইর গুদারা ঘাট এলাকার রফিকুল ইসলাম ভেন্ডার (মালেক) এর ছেলে নাদিম (৩০), দাপা ইদ্রাকপুরের হাবিবুর রহমানের ছেলে মন্টু মিয়া (৪২), দাপা ইদ্রাকপুর রেল স্টেশন এলাকার শাহ আলম (সাবেক স্বামী বোমা লিপু) এর স্ত্রী পারভীন ওরফে নাইট পারভীন, খোচপাড়া এলাকার মৃত ফজলুল হকের ছেলে টিকি মরা লিটন (৪৫), বক্তাবলী রাম নগরের মৃত সাবেদ আলীর ছেলে রহিম বাদশা (৪৮), মাসদাইর এলাকার মজিবরের ছেলে হিটলার (৪৮), মাসদাইর গুদারাঘাট এলাকার গোলাম মোস্তফা রনির স্ত্রী পারুল ওরফে পারুলী, দাপা ইদ্রাকপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে লিটন ওরফে সাইকেল লিটন (৪৮), একই এলাকার আব্দুল রশিদ মিস্ত্রি’র ছেলে মানিক রতন, মাসদাইর এলাকার ফজলুল হকের ছেলে হান্ড্রেড নাসির, ফাজিলপুর এলাকার সামসুল হকের ছেলে সানি, দাপা মসজিদ এলাকর মতলব কাজির ছেলে সেন্টু কাজি, একই এলাকার আলি নূর বেপারীর ছেলে উজ্জ্বল, মৃত সেকেন্দারের ছেলে লতিফ, দাপা ইদ্রাকপুরের মৃত সামসুল হকের ছেলে লিপু ওরফে ডাকাত লিপু (৩২)।


