জামিনে সিরাজ মণ্ডলসহ ৩২ জন, কাল জামিন চাইবে মতি গ্রুপ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ আগস্ট ২০২০, ০৫:৫৬ পিএম
সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়ের করা দুই মামলায় সাবেক কাউন্সিলর সিরাজ মণ্ডলসহ তার অনুসারি ৩২ জন জামিন পেয়েছে। তবে, প্রতিপক্ষ কাউন্সিলর মতিউর রহমান মতি গ্রুপের কেউ এখনও জামিন নেয়নি।
গতকাল রাতে যুগের চিন্তাকে এই তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন।
তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ক অঞ্চল থেকে সিরাজুল ইসলাম মণ্ডলসহ ৩২ জন জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। তাদের আরও ৯ জন জেলা কারাগারে রয়েছে। তাদের রিমান্ড শুনানির দিন ধার্য করা আছে।
ওয়াজেদ আলী খোকন আরও বলেন, দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন আরও দুটি মামলা হয় পাল্টাপাল্টি।
এরমধ্যে পুলিশ বাদী এবং প্রতিপক্ষের দায়ের করা মামলায় সিরাজ মণ্ডল গ্রুপ জামিন পেয়েছে। তবে, কাউন্সিলর মতিউর রহমান গ্রুপের কেউ জামিন প্রার্থনা করেনি। তারা আসেওনি।
এদিকে স্থানীয় সূত্র জানায়, সাবেক কাউন্সিলর সিরাজ মণ্ডল বাহিনীর লোকজন জামিন নিয়ে এলাকায় ফিরে এসে স্বদলবলে মহড়া দিলেও মতি বাহিনীর সন্ত্রাসীরা গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
সূত্র বলছে, রোববার মতি বাহিনীর লোকজন জামিন প্রার্থনা করবে। ফলে ধারণা করা হচ্ছে এই দুই গ্রুপের সন্ত্রাসীরা আবারও মুখোমুখি হতে পারে, ঘটতে পারে সংঘর্ষের ঘটনা। এ নিয়ে স্থানীয়রা শঙ্কা প্রকাশ করেছেন।
সূত্র জানায়, ২ আগস্ট রাত ১০ টার দিকে মতি ও সিরাজ মন্ডল গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় ওই সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপেরই প্রায় অর্ধ শতাধিক আহত হয়েছিল।
এছাড়া ওই সংঘর্ষের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে। যার একটির বাদী পুলিশ অপর দুটি মামলা ৫ আগস্টে মতি ও সিরাজ গ্রুপের পক্ষে পাল্টাপাল্টি দায়ের করা হয়েছে। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে ২২ জনকে। সচেতন মহল বলছে, মতি ও সিরাজ মণ্ডল গ্রুপের এই দ্বন্দ্বে আগামীতে ভয়াবহ রূপ নিবে।
তবে, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেল বলেছেন, “সংঘর্ষ বাড়তে দেয়া হবে না। আমরা কঠোর অবস্থানে রয়েছি। প্রতিদিনই আমরা একাধিকবার অভিযান চালাচ্ছি। ভয়ের কোনো কারণ নেই। কাউকেই আমরা ছাড় দেব না।”
সূত্র আরও বলছে, মতি ও সিরাজ মণ্ডলের মধ্যকার দ্বন্দ্বের অবসান ঘটাতে পারেন সাংসদ শামীম ওসমানই। তিনি উদ্যোগ গ্রহণ করলে আরও আগেই এই দ্বন্দ্ব নিরসন হয়ে যেত। কিন্তু তিনি সেভাবে উদ্যোগ নিচ্ছেন না বলে এই দুই গ্রুপের দ্বন্দ্ব বেড়েই চলেছে।
তাছাড়া তিনি নিজেও এই দুই গ্রুপের দ্বন্দ্বের ব্যাপারে আগের থেকেই অবগত আছেন। তাহলে তিনি কেন এই দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ নিচ্ছেন না, এমন প্রশ্নও রয়েছে অনেকের মাঝে।
তবে, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বলেন, ‘সিরাজ মণ্ডল ও মিতউর রহমান মতিকে বেশ কয়েকবার মিলিয়ে দিতে তিনিসহ সাংসদ শামীম ওসমান চেষ্টা করেছেন। কিন্তু মিলিয়ে দিলে তিন চারদিন তারা ঠিক থাকেন এরপর আবারও দ্বন্দ্বে জড়িয়ে যান। তাদের এই দ্বন্দ্ব আধিপত্য বিস্তার নিয়ে।’
কাউন্সিলর মতিউর রহমান ও সিরাজ মণ্ডলের জন্য দলের দুর্ণাম হচ্ছে স্বীকার করে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, “তারা দুজনই টাকা পয়সা দিয়ে লোকজন পালছে। একজন আগে কাউন্সিলর ছিল বর্তমানে অন্যজন আছে।
আগামীতে আবার সিরাজ নির্বাচন করবে, কাউন্সিলর হতে এখনই সে লোকজনকে খাইয়ে দাইয়ে প্রভাব বিস্তার করে চলছে। মতির লোকতো আরও আগেই ছিল। কিন্তু এমন নয় যে, তারা দুজন আওয়ামী লীগকে এগিয়ে দিচ্ছে। বরং তাদের জন্য দলের বদনাম হচ্ছে।”


