সিদ্ধিরগঞ্জে কোরবানীর হাটের লভ্যাংশ পেলেন ৩০মুক্তিযোদ্ধাসহ ৮শ’ জন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ১০:০৩ পিএম
প্রতিবছরই ঈদুল আজহায় কোরবানীর পশুর হাট ইজারা নিয়ে দেশের বিভিন্ন স্থানে নানা অপ্রীতিকর ঘটনার খবর সংবাদপত্রে ছাপা হয়। এমন প্রেক্ষাপটে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের গোদনাইল ৮ নংওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিরা ঐক্যবদ্ধ হয়ে কোরবানীর পশুর হাট ইজারা নিয়ে এক অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করেছেন।
তারা শান্তিপূর্ন পরিবেশে কোরবানীর হাট বসানো, পরিচালনা এবং হাট থেকে প্রাপ্ত লভ্যাংশ শ্রেনী-পেশা নির্বিশেষে মানুষের মধ্যে বন্টন করে সচেতন মানুষের প্রশংসা কুড়িয়েছেন।
হাটের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল, হাটের কেউ মালিক, কেউ কর্মচারী Ñ এমন নয়। এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ এবং বেকার যুবক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সবাই হাটকে নিজের হাট মনে করে কাজ করেছে, অন্যের কাজে সহযোগিতা করে হাটকে সফল করতে অবদান রেখেছেন।
এবার করোনা মহামারির জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী হাটের প্রতিটি প্রবেশ পথে জীবানুনাশক টানেল বসানো, পশুক্রেতা-বিক্রেতাদের মধ্যে মাস্ক, হ্যান্ড গ্লোভস, সেনিটাইজার বিতরণ এবং সামাজিক দূরত্ব রক্ষা করা হয়।
কেন সেই এলাকার কোরনানীর হাটের এত প্রশংসা Ñ এর কারণ খুজতে গিয়ে কথা হয় সে এলাকার একাধিক ব্যক্তির সঙ্গে। সবার বক্তব্যে একটি কমন কথা উঠে আসে। তা হলো; এলাকার সবার মধ্যে যদি পারস্পরিক সৌহার্দ্য, সম্পর্কের আন্তরিকতা এবং সবার মধ্যে সবার কল্যানচিন্তা থাকে তবে অনেক কঠিন কাজই সহজে করা যায়।
তাদের মতে; এ চেতনাই হাটের এত সাফল্য এবং প্রশংসার কারন। বহুল আলোচিত এ হাট বসে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নংওয়ার্ডের গোদনাইলে ইব্রাহিম টেক্সটাইল মিলের মাঠে। এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এ হাটের আয়োজন করেন বলে ইব্রাহিম টেক্সটাইল মিল কর্তৃপক্ষ এজন্য কোন অর্থ নেননা। এবার হাট বসাতে জেলা প্রশাসন, র্যাব এবং পুলিশ প্রশাসন সব ধরনের সহযোগিতা দিয়েছেন।
খোজ নিয়ে জানা গেছে, এবার কোরবানীর পশুর এ হাট থেকে প্রাপ্ত লভ্যাংশ এলাকার বিভিন্ন শ্রেনীর প্রায় ৮শ’ মানুষের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে।
এছাড়াও এলাকার মসজিদ, সামাজিক সংগঠন (ক্লাব), জন প্রতিনিধি, মসজিদের ইমাম, চাকুরীজীবি, বেকার, রিক্সা ও ঠেলাগাড়ী চালক, দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী হাটের লভ্যাংশ পেয়েছেন। তবে প্রতিবছরই লভ্যাংশ দেয়ার ক্ষেত্রে প্রধান্য দেয়া হয় প্রবীণ মুক্তিযোদ্ধাদের। এবার প্রায় ৩০জন মুক্তিযোদ্ধাকে হাটের লভ্যাংশ দেয়া হয়েছে। হাটের লভ্যাংশ নেয়ার জন্য কাউকে কোথাও যেতে হয়না, বরং তাদের বাড়িতে লোক পাঠিয়ে লভ্যাংশের টাকা পৌছে দেয়া হয়।
হাটের ইজারা দেয়ার নিয়মের বাধ্যবাধকতার কারনে এক ব্যক্তির নামে হাটের ইজারা নেয়া হলেও পুরো আয়োজনটি তদারক করেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। হাট ইজারা নেয়া এবং হাটের প্যান্ডেল নির্মানসহ প্রস্তুতিমুলক কাজে যে বিপুল অর্থ প্রয়োজন হয় তা কেউ এককভাবে নয়, বিনিয়োগ করেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ যৌথভাবে।
তবে কয়েক জন বিশিষ্ট ব্যক্তি হাট আয়োজনের মূল দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে ছিলেন স্থানীয় কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহ ভূইয়া জুলহাস, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লা, মুক্তিযোদ্ধা আবদুল মতিন, মুক্তিযোদ্ধা আবদুল মজিদ, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সাউদ, আবদুস সালাম, আবুল হোসেন মেম্বার, মুসলিমউদ্দিন, শাহজালাল, সদর আলী, মতিন মন্ডল, দেলোয়ার হোসেন মোল্লা প্রমুখ। সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা শাহ আলম।
এবার এ হাট ১৪বছরে পা দিল। দীর্ঘদিন ধরে সবাই মিলেমিশে হাট বসানো এবং শান্তিপূর্ন পরিবেশে তা সম্পন্ন করা সম্পর্কে মুক্তিযোদ্ধা শাহ আলম বলেন, আমরা সবাই সবার স্বার্থে নিবেদিত হয়েই কোরবানীর পশুর হাট আয়োজন করি। দীর্ঘদিন ধরে আমরা নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে সক্ষম হয়েছি।
সবাই অনুভব করে যে, এই হাট এককভাবে কারো ব্যবসা নয়, কোন একক ব্যক্তি এ হাটের লাভের সব নিয়ে যায়না, সম্মিলিত উদ্যোগ হাট বসে, সবাই হাটের লভ্যাংশ নেয়। ফলে কেউই হাটের বিরোধিতা করেননা। ভবিষ্যতেও এভাবে চলবে বলে আশা করি।


