ফতুল্লার কাশীপুর খিল মার্কেট এলাকার উত্তর গোয়ালবন্ধ এলাকার একটি বাড়িতে দূর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। নজরুল ইসলাম বিপুর বাড়ির দরজার তালা ভেঙ্গে অজ্ঞাত চোর ৬ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে বাড়িটিতে চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে বিপু বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
ঘটনাস্থলে যাওয়া এসআই আমজাদ হোসেন বলেন,নজরুল ইসলাম বিপু গত মঙ্গলবার পরিবার পরিজন নিয়ে বাংলাবাজারস্থ তার শশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি তার বাড়িতে আসে। পরবর্তীতে বিপু তার ঘরের দরজা তালাবদ্ধ করে কর্মস্থলে যান।
দুপুরে তিনি বাড়িতে ফিরে দরজার তালা ভাঙ্গা দেখতে পান। ঘরে প্রবেশ করে তিনি দেখতে পান ওয়্যারড্রবে রাখা ৫ লাখ ৭৫ হাজার নগদ টাকা ও আলমারিতে রাখা ৫ ভরি স্বর্ণালংকার যথাস্থানে নেই। এসময় ঘরের আসবাব পত্র ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পান।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইন-চার্জ মো.আসলাম হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ অফিসার তদন্ত করেছেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


