গাউছুল উৎস। গাবতলী এলাকার কিশোর গ্যাং লিডার। সাম্প্রতিক সময়ে তিন চারজন নিরীহ মানুষকে কুপিয়ে আহত করেছে। কারন ওই মানুষগুলো বিভিন্ন সময়ে তার পালিত কিশোরগ্যাং সদস্যদেরকে মাদক বিক্রিতে বাধা দিয়েছে।
বর্তমান পুলিশ সুপার মো. জায়েদুল আলম ঈদের আগে এই এলাকায় সিসি ক্যামেরা নেটওয়ার্ক উদ্বোধন করেছিলেন। পুরো গাবতলীতে ৬৬ টি সিসি ক্যামেরা বসানোর কথা ছিল।
এ পর্যন্ত ২৯ টি ক্যামেরা বসানো হয়েছে। তাতেই উঠে এলো সাবেক ফুটবলার গোলাম গাউস পুত্রের অপকর্ম। গত ৪ আগস্ট চা বিক্রেতা নিজাম (৩০) কে রাম দা দিয়ে কোপানোর চেষ্টা করে গাউসপুত্র গাউছুল উৎস।
এলাকাবাসীর বাধায় রক্ষা পায় চা বিক্রেতা নিজাম। বখাটে উৎসকে এলাকাবাসী অপকর্ম ও মাদকের উৎস মনে করেন। কয়েকটি বড় অঘটন ঘটিয়েও এই বখাটে এলাকা দাবড়িয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ গাবতলীবাসীর।
এদিকে, চা বিক্রেতা নিজামকে কোপানোর পর ফতুল্লা মডেল থানা পুলিশ এলাকা থেকে উদ্ধার করেছে ২ টি রামদা, ২ টি চাকু, ১ টি তলোয়ার ও ৩ টি বড় চাকু।
এলাকাবাসী জানিয়েছে ওই ধারালো অস্ত্রগুলো গাউসপুত্র উৎস গ্যাং এর। সিসি টিভি ফুটেজেও এর প্রমাণ মিলে। তবুও কিশোর গ্যাং লিডার উৎস ও তার সাঙ্গপাঙ্গরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে মুক্ত বিহঙ্গের মত।
এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ওসি মো. আসলাম হোসেন যুগের চিন্তাকে জানান, গাবতলীতে কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরী করার অপচেষ্টা করলে তাকে ছাড় দেয়া হবেনা।
অবশ্যই আমরা অ্যাকশনে যাব। চা বিক্রেতাকে কোপানোর চেষ্টার ঘটনাটা তদন্ত করে দেখা হচ্ছে। যত প্রভাবশালী লোক থাকুক না কেন, অপরাধ করলে ছাড় নেই।
এদিকে, চা বিক্রেতা নিজামের মা নূরজাহান বেগম এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ১২ জনের নামে। অভিযোগে প্রথম অভিযুক্ত গাউছুল উৎস (২৬) দ্বিতীয় অভিযুক্ত সাবেক ফুটবলার গোলাম গাউছ, তার ভাই গোলাম সারোয়ারসহ ১২ জন।
অভিযোগে বলা হয়েছে, বিবাদীরা এলাকার সন্ত্রাসী প্রকৃতির লোক এবং মাদক ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত রয়েছে। এদের ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হোক। এই অভিযোগটি তদন্ত করছেন এসআই মোদাচ্ছের হোসেন।
এ ব্যাপারে তদন্তে কি পেয়েছেন জানতে চাইলে তিনি যুগের চিন্তাকে জানান, আমি অন্য ডিউটিতে ছিলাম। হয়তো আগামীকাল এলাকায় যেতে পারবো। তদন্তে বেরিয়ে আসবে আসল ক্রিমিন্যাল কে।


