সিদ্ধিরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৯:২৮ পিএম
সিদ্ধিরগঞ্জে রহিমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে মাদানীনগর এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের দাবি তার স্বামী স্বপন তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। বুধবার দিবাগত রাত আড়াইটায় এ ঘটনাটি ঘটে।
এদিকে পুলিশ আত্নহত্যার প্ররোচনার অভিযোগে নিহতের স্বামী স্বপন মিয়া (৪০) কে গ্রেফতার করে। এবং লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
নিহতের ছোট বোন কল্পনা আক্তার অভিযোগ করে জানান, আমার বোন আত্মহত্যা করতে পারে না। আমার বোনকে তার স্বামী স্বপন শ্বাসরোধ করে হত্যা করেছেন। আমার বোনের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
আমার বোন আমাকে প্রায় সময়ই ফোনে বলতেন, তার স্বামী স্বপন যৌতুকের টাকার জন্য অনেক চাপ দিতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বপন আমার বোনকে মারধর করতো।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারনে এ ঘটনাটি ঘটে। বিষয়টি তদন্তনাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন বলে বিস্তারিত জানা যাবে।


