করোনায় পেশা বদল
শফিক বাবুর্চীর সংসার চলে কাঁঠাল বিক্রি করে
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১০:৪৫ পিএম
আমি পনের বছর ধরে বাবুর্চি। রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাও উপজেলায় আমার হাতের রান্না খায় নাই এমন লোক কমই আছে। এখন কাজ নেই, বিপদে পড়েছি। কী করব, কারো কাছ থেকে তো দয়া ভিক্ষা নিতে পারি না। আবার সংসার চালাতেও পারছি না। তাই হকারই করছি।’
ভ্যান গাড়িতে করে কাঁঠাল বিক্রি করে সংসার চালাচ্ছি। (কোভিট-১৯) করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া শফিক বাবুর্চী এভাবেই নিজের অসহায়ত্বের কথা জানালেন।
শফিক বাবুর্চী রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিযনের কলিমদ্দিন শাহ মাজারের সাথে বিপ্লব মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। তিনি এই ইউনিয়নের মাজার এলাকায় প্রায় ৩০ বছর যাবত ভাড়ায় বসবাস করেন।
বর্তমানে বয়স ৪৫ বছর। তিনি পড়াশুনা বলতে নিজের নামটা লিখতে পারেন না। ১৫ বছর বয়সে এলাকার নাম করা ওস্তাদ নাসির বাবুর্চীর হাত ধরে এ পেশায় আসা।বর্তমানে নিজেই ওস্তাদ। তিনি বাবুর্চী হিসেবে কাজ করতেন গোলাকান্দাইল বাসষ্ট্যান্ড এলাকায় মকবুল এন্ড সন্স ডেকোরেটর, ভুলতা নুরম্যানশন মার্কেটের বাচ্চু ডেকোরেটরে।
বাবুর্চিগিরি করেই তিনি স্ত্রী, তিন সন্তানের সংসার চালাতেন। নিজে লেখাপড়া করতে পারেনি বলে বড় মেয়ে নাদিয়াকে এইচ এস সি পাশ করিয়ে বিয়ে দেন। দ্বিতীয় সন্তান বিল্লাল ক্লাশ নাইনে পড়ে। স্ত্রী নাছিমা ৪ বছরের ছেলে আরিয়ানকে নিয়ে বাসায় থাকে।
সন্তানদের লেখাপড়ার খরচ ও বাসা ভাড়া দিয়ে চলতে কষ্ট হচ্ছে বাবুর্চী শফিকের। শুধু নিজের সংসার নয়, তাঁর সহযোগী হিসেবে কাজ করত ৫ জন পুরুষ ও তিন জন মহিলা। তাদের সংসারও চলেনা।
মহামারী করোনাভাইরাস সংক্রমণের কারণে বন্ধ হয়ে গেছে বিবাহ, সুন্নতে খাৎনা,জন্মদিনসহ অন্যান্য সামাজিক অনুষ্ঠান। চার মাস থেকে সব কিছু বন্ধ। ফলে কর্মহীন হয়ে পড়েছেন শফিক বাবুর্চী ও তাঁর সহযোগীরা। সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে তাঁদের। নিরুপায় হয়ে ভ্যান গাড়েিত করে হকারী করে বিক্রি করছে মৌসুমী ফল।
এলাকার লোকজন জনপ্রিয় শফিক বাবুর্চিকে ভ্যান গাড়িতে করে কাঠাল বিক্রি করতে কৌতুহল করে ভীড় জমায় তার গাড়ীর কাছে। অনেকে আবার সহানুভুতি জানাতে তার কাছ থেকে কাঠাল কিনে নেয়।
এমন একজন ক্রেতা বিপ্লব মিয়া কালের কন্ঠকে জানান, শফিক বাবুর্চী খুব ভাল রান্না করতেন।আমাদের কোন অনুষ্ঠান হলে তাকে রান্নার জন্য ডেকে নিতাম। তাকে হকারই করে ফল বিক্রি করতে দেখে আমার কষ্ট লেগেছে।
শফিক বাবুর্চী জানান, করোনা পরিস্থিতির আগে প্রতি মাসে ৮-১০টি অনুষ্ঠানের রান্নাবান্নার কাজ পেতেন তিনি। এতে তাঁর সংসার ভালোই চলছিল। এখন সব কিছু বন্ধ থাকায় অসহায় হয়ে পড়েছেন। এদিকে ঘর ভাড়া ৫ হাজার টাকা। দ্বিতীয় ছেলে বিল্লালের লেখা পড়ার খরচ ৬/৭ হাজার টাকা। ছোট ছেলে আরিয়ানের দুধ কিনতে হয়। এছাড়া সংসারের খাওয়া খরচ তো রয়েছে।
জানতে চাইলাম, হকারই করে ফল বিক্রি করে আয় রোজগার কেমন হচ্ছে? ‘ভালো না। আড়ৎ থেকে কাঁঠাল নিয়ে ভ্যান গাড়ীতে করে মার্কেটের সামনে কাঠাল বিক্রি করতে গেলে পুলিশ তাড়িয়ে দেয়।
সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত ভ্যান গাড়িতে করে কাঁঠাল বিক্রি করে মালিকের টাকা বুঝিয়ে দিয়ে কোন ৩০০ টাকা থাকে। আবার কোন দিন ২০০ টাকা থাকে। আবার কোন দিন লোকসান ও হয়। এভাবেই সংসার চলে শফিক বাবুর্র্চীর।
শফিক বাবুর্চীর শেষ কথা, ‘আমি নিজে লেখা পড়া জানিনা তাই ছেলে মেয়েদের লেখা পড়া শেখাতে চাই। যত কষ্ঠ হোক হকারী করে ফল বিক্রিতে লজ্জা কিসের। আমি তিন থানার বাবুর্চী এলাকার সবাই আমাকে চেনে। এখন বিপদে পড়ে ফল বিক্রি করছি । ছেলে মেয়ে সংসারটা তো আগে বাঁচাই। সব ঠিক হলে আবার বাবুর্চি গিরিই করব।’করোনায় পেশা বদল


