Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জের ভূলতায় পুলিশের চেকপোস্টের কাছেই হচ্ছে ছিনতাই

Icon

রূপগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ০১ জুন ২০২০, ০৯:৪১ পিএম

রূপগঞ্জের ভূলতায় পুলিশের চেকপোস্টের কাছেই হচ্ছে ছিনতাই
Swapno

পুলিশের চেকপোস্ট থাকা সত্ত্বেও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ও ভূলতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে সড়কে প্রতিদিনই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। অথচ পুলিশ বলছে তারা কিছু জানে না। ঢাকা-সিলেট মহাসড়ক ও গাজীপুর-চট্টগ্রাম হাইওয়ে সড়কে সবধরনের পরিবহন চলচল করে। তবে দিনের সঙ্গে রাতের বৈপরীত্য যেন তার চিরচেনা রূপ। 

 

এই রূপগঞ্জ উপজেলার শান্ত, সুনিবিড় আর কোলাহলমুক্ত রাতকে ভয়ঙ্কর করে তুলছে বেপরোয়া ছিনতাইকারীরা। উপজেলার গোলাকান্দাইল ও ভূলতা এলাকার রাস্তা দিয়ে নির্বিঘ্নে কেউ গাড়ি নিয়ে যেতে পারবে-এমন নিশ্চয়তা নেই। পথে পথে ছিনতাই আতঙ্ক। অনিন্দ্যসুন্দর রাতের পিচঢালা পথকে রক্তাক্ত করে তুলছে তারা। রাতের আধাঁরে পুলিশি নিরাপত্তার ঢিলেঢালা দৃশ্যপটের সুযোগ নিচ্ছে অপরাধীরা। 

 

গত ১৪ মে রাত ২ টা থেকে এখন পর্যন্ত আধুরীয়া থেকে গাউছিয়া ১০টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের টেংরারটেক এলাকার এশিয়ান হাইওয়ে সড়কের উপরে ৪ জন ছিনতাইকারী একটি ট্রাক আটক করে। ওই ট্রাকে থাকা ড্রাইভার সাহেরুল ইসলাম ও হেলপার বিরেন রায়কে চাপাতি দিয়ে জখম করে তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ও ২টি মোবাইল সেট নিয়ে তাদের দুইজনকে ট্রাকেই হাত-পা বেঁধে রাখে। এছাড়াও ওই ট্রাক দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরীয়া পুলিশ চেক পোস্টের কাছে রাস্তা বেড়ি গেট করে আরো একটি মুরগির গাড়ি আটক করা হয়। ওই মুরগির মালিক সোহাগ ও গাড়ির ড্রাইভার রাকিবুলকে কুপিয়ে জখম করে তাদের কাছে থাকা নগদ ৮০ হাজার টাকা ও ২টি মোবাইল সেট নিয়ে ছিনতাইকারীরা তাদের ফেলে রেখে ট্রাক নিয়ে যায়। পরে ট্রাকটি সোনারগাঁও উপজেলার তালতলা এলাকার এশিয়ান হাইওয়ে সড়কের পাশে রেখে ছিনতাইকারী দল পালিয়ে যায়। 

 

পরে ভূলতা ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে এবং ট্রাকটি উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিলে জানা যায় ট্রাকটি সোনারগাঁ উপজেলার তালতলা পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম উদ্ধার করেন। ট্রাক ড্রাইভার সাহেরুল ইসলাম জানান, টেংরারটেক এলাকার এশিয়ান হাইওয়ে সড়কের উপরে ৪ জন ছিনতাইকারী আমাদের সিগন্যাল দেয় আমরা  ট্রাকটি থামানোর সঙ্গে সঙ্গে ছিনতাইকারীরা আমাদের উপর দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে হামলা করে। পরে আমাদেরকে আহত অবস্থায় হাত-পা বেঁধে ১৫ হাজার টাকা ও ২ টি মোবাইল নিয়ে আধুরীয়া এলাকায় ফেলে রেখে ট্রাক নিয়ে পালিয়ে যায়। 

 

গত বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে। আধুরীয়া পুলিশ চেকপোস্টের কাছেই যাত্রীবেশী ছিনতাইকারীরা এক অটোরিক্সা চালক সিদ্দিক শেখ (৬০) কে এলোপাথাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে অটোরিক্সাটি ছিনতাই করে পালিয়ে যায়। পরে অটো চালক সিদ্দিককে প্রথমে স্থানীয় হাসপাতালে আনা হয়। তার রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সিদ্দিকি গোলাকান্দাইল ইউনিয়নের টেংরারটেক এলাকার মৃত করিম শেখের ছেলে। 

 

আহত সিদ্দিক শেখ জানান, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গাউছিয়া থেকে দুই যাত্রী পাল্লা এলাকায় যাওয়ার কথা বলে রিক্সায় উঠে। পরে আমি আধুরীয়া মোঠখোলা পুলিশ চেকপোস্টের কাছে গেলে যাত্রীবেশী সেই ছিনতাইকারীরা আমাকে এলোপাথাড়িভাবে কুপিয়ে রাস্তায় ফেলে যায়। আমার ডাক চিৎকার শুনে এক রিক্সাওয়ালা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। 

 

সর্বশেষ শনিবার (৩০মে) রাত ২টার দিকে উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার এশিয়ান হাইওয়ে সড়ক থেকে একটি ট্রাক ছিনতাই করে। সেই ট্রাক দিয়ে ছিনতাইকারীরা ভূলতা পুলিশ ফাঁড়ির সামনে থেকে একটি মুরগির গাড়িকে দাওয়া দেয়। পরে ভূলতা ফাঁড়ির পুলিশ ট্রাকটি লক্ষ্য করে ট্রাকের পিছু পিছু গেলে ট্রাকটি গোলাকান্দাইল হাটের ভিতরে ঢুকিয়ে দেয়। পরে ট্রাকের ড্রাইভার এবং হেলপারকে ট্রাকসহ উদ্ধার করা হলেও ছিনতাইকারী দল পালিয়ে যায়। ট্রাক ড্রাইভার আব্দুল রহিম (৩০) সে খাগড়াছড়ি জেলার মোহালছড়ি উপজেলার কুমিল্লাটিলা গ্রামের মো. আজাদ হোসেনের ছেলে। ট্রাক হেলপার ইমন (২৩) একই এলাকার মো. তোফায়েল আহমেদের ছেলে। তাদেরকে ভূলতা ফাঁড়ির পুলিশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। 

 

এর আগেও গত ১৪ মে রাত ২ টার দিকে আরো দুটি মুরগির গাড়িতে ছিনতাইকারীদের হাতে আক্রমণের শিকার  হন। তখন মুরগির গাড়িতে থাকা লোকজনের কাছ থেকে ৩ টি মোবাইল ও সাথে থাকা নগদ ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। 

 

গাউছিয়া এলাকায় বেশ কিছু স্পটে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সরেজমিন ঘুরে দেখা গেছে, রাতে এই এলাকা কতটা ভয়ঙ্কর। কাগজপত্রে রাতে সড়কে পুলিশের ডিউটি থাকলেও মাঠে গিয়ে দেখা গেল, গাড়িতে তারা ঘুমাচ্ছেন। ঢাকা-সিলেট মহাসড়কে ছিনতাইপ্রবণ এলাকাগুলো ও আধুরীয়া পুলিশের চেকপোস্টে সরেজমিন চিত্র দেখতে গিয়ে হতাশই হতে হলো। বিশেষ করে সর্বশেষ যেসব স্পটে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সেখানেও রাতে ছিল না পুলিশি টহল। আবারও কিছু এলাকায় পুলিশের টহল গাড়ি থাকলেও সেখানে তাদের সক্রিয় থাকতে দেখা যায়নি। 

 

সংশ্লিষ্ঠরা বলছেন, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত হাইওয়ে সড়ক ও মহাসড়কে পুলিশ আরও সক্রিয় হলে ছিনতাইয়ের ঘটনা কমতে পারে। এ বিষয়ে ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, একটি ট্রাক কাঞ্চন থেকে ছিনতাইকারীরা নিয়ে পালিয়ে যায়। পরে ট্রাকটি সোনারগাঁয়ে উদ্ধার করা হয়। এছাড়া মুরগীর গাড়িতে ছিনতাই হওয়ার ঘটনাটি তিনি অস্বীকার করে বলেন, অটোরিক্সা ও মুরগীর গাড়ির বিষয়টি আমার  জানা নেই। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন