আড়াইহাজারে জুয়া খেলা নিয়ে দ্বন্দ্বে মাদরাসাছাত্র খুন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ মে ২০২০, ০২:৫৪ পিএম
আড়াইহাজারে জুয়া খেলাকে কেন্দ্র করে মাহবুব (১৪) নামে এক মাদরাসা ছাত্রকে খুন করা হয়েছে। নিহত মাহাবুব উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী এলাকার আসকর আলীর ছেলে। মাহবুব জেলার মদনপুর এলাকার বন্দর মাদরাসার ছাত্র ছিল বলে জানা গেছে।
আজ সোমবার সকালে উপজেলার সেন্দী এলাকায় ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সৈকত (১৮) নামে এক যুবককে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক সৈকত উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী এলাকার বিল্লালের ছেলে।
গতকাল রোববার (১৭ মে) সন্ধ্যায় নিখোঁজ হয় নিহত মাহবুব। নিহতের ভাই আবুল হাসনাত জানান, ১৭ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর মাদরাসা থেকে বাড়িতে চলে আসে মাহবুব। রোববার সন্ধ্যায় বড় ভাই আবু তৈয়ব মোবাইলে ফোনে জানায় মাহবুবকে পাওয়া যাচ্ছে না। পরে অনেক খোঁজাখুঁজি করা হয়। আমি লোক মারফত জানতে পেরেছি জুয়া খেলাকে কেন্দ্র করে তার সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের দ্বন্দ্ব ছিল। সোমবার সকালে থানায় গিয়ে মাহবুবের মরদেহ শনাক্ত করা হয়।
আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটক যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে জুয়া খেলার টাকা পাওনা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে। তবে তাকে আরও জিজ্ঞাসাবাদ করে হত্যাকান্ডে আরো কেউ জড়িত আছে কিনা তা জানা যাবে।


