সোনারগাঁয়ে ঘরে ঢুকে হামলা : শিশুসহ আহত ৫
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২০, ১১:৩৫ পিএম
সোনারগাঁয়ে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে ঘরে ঢুকে দেশি অস্ত্র নিয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় ৭ বছরের শিশুসহ একই পরিবারের ৫ সদস্য গুরুতর আহত হয়।
তবে এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করলে ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেনি। এর আগে রোববার (১০ মে) উপজেলার কাঁচপুরের পাঁচপাড়া এলাকায় হামলার এ ঘটনা ঘটে।
অভিযোগ ভুক্তভোগী পরিবারের সদস্য বাচ্চু মিয়া উল্লেখ করেন, জমি সংক্রান্ত বিষয়ে বিবাদীদের সাথে মামলায় আদালত আমাদের পক্ষে রায় দেয়া সত্ত্বেও তারা সম্পত্তি দখল করার পায়তার করে। উক্ত সম্পত্তি আমাদের ভোগ দখলে বাঁধা প্রদান করে পূর্ব পরিকল্পিতভাবে লোহার শাবল, কাঠের ও বাঁশের লাঠিসোটা নিয়ে আমাদের বসত ঘরে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে পরিবারের সদস্যদের উপর আক্রমণ চালিয়ে গুরুতর জখম করে। এ সময় চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করে প্রাণ নাশের হুমকি-ধামকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে চাইলে সোনারগাঁ থানার পরিবদর্শক (তদন্ত) জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থাা নেওয়া হবে।


