সোনারগাঁয়ে চিকিৎসক ও কর্মকর্তাদের পিপিই উপহার দিলেন এমপি খোকা
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২০, ১০:৪০ পিএম
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা চিকিৎসক ও কর্মকর্তাদের পিপিই উপহার দিয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের এ পিপিই উপহার দেন তিনি।
চিকিৎসকদের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা পিপিই গ্রহণ করেন।এসময় এমপি খোকা সোনারগাঁয়ের করোনা পরিস্থিতি নিয়ে ডা. পলাশ কুমার সাহার সঙ্গে আলোচনা করেন এবং করোনা মোকাবেলায় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


