করোনা উপেক্ষো করে আড়াইহাজারে পৌরসভা বাজারে তীব্র যানজট
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২০, ১০:৩৬ পিএম
করোনাভাইরাস সংক্রমণকে উপেক্ষা করে আড়াইহাজার পৌরসভা বাজারে দিনভর তীব্র যানজট লক্ষ্য করা গেছে। বৃহম্পতিবার (১৪ মে) এ যানজটে মানুষকে যাতায়তে চরম ভোগান্তি পোহাতে হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে।
সকাল ১১টায় সরেজমিন গিয়ে দেখা গেছে, থানার প্রধান ফটক থেকে শুরু করে পূবালী ব্যাংক পর্যন্ত দীর্ঘ যানজট লেগে আছে। গাড়ি স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। এসময় দেখা গেছে, কয়েক শত রিকশা বাজার জুড়ে অস্থান করেছে। অনেকের মুখেই ছিল না মাস্ক। ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে যাত্রী ও চালকরা চলাচল করছেন।
অনেকেই বিষয়টি নিয়ে নানা মন্তব্য করে বলেছেন, লকডাউন উঠিয়ে দিয়ে মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলে দেয়া হয়েছে। কেউ কেউ বলেছেন, আড়াইহাজারে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এই মুহূর্তে লকডাউন উঠানো ঠিক হয়নি। লকডাউন উঠিয়ে দিয়ে করোনাকে দাওয়াত করা হয়েছে। এভাবে নানা জনে নানা মন্তব্য করেছেন।
আড়াইহাজার পৌরসভার বাসিন্দা জাকির হোসেন বলেন, ঈদকে সামনে রেখে স্থানীয় বিভিন্ন বিপণি বিতানগুলো বেশ জমে উঠেছে। ক্রেতাদের ঢল নামতে শুরু করেছে। কয়েকদিন পরে মানুষের চাপ আরও বৃদ্ধি পাবে। এতে কমিউনিটি সংক্রমিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে মার্কেটগুলো বন্ধ করা না হলে এক পর্যায়ে করোনা আড়াইহাজারে মহামারি আকার ধারণ করার সম্ভবনা রয়েছে।
আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম এ হাকিম ভূঁইয়া বলেন, করোনা পরিস্থিতির শুরেই আমাদের ক্লাবের সাংবাদিকরা এলাকায় কাজ করছেন। জীবনের ঝুঁিক নিয়ে মানুষকে সচেতন করতে বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তবে মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। এর ফলে আমাদের মাঝে করোনা সংক্রমণ ঝুঁকি বেড়ে যাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বশেষ তথ্য অনুযায়ী করোনাভাইরাসে এ পর্যন্ত ৪৫ জন আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ১৫ জন। স্যাম্পল (নমুনা) সংগ্রহ করা হয়েছে ৫৫৫ জনের।


