Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে মসজিদ থেকে দিনে ৫০০ জুতা চুরি !

Icon

রূপগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১০ মে ২০২০, ০৩:০২ পিএম

রূপগঞ্জে মসজিদ থেকে দিনে ৫০০ জুতা চুরি !
Swapno

চলছে পবিত্র মাহে রমজান। সামনে ঈদ।  আর এ রমজান ও ঈদকে সামনে রেখে সংঘবদ্ধ চোরের দল জুতা চুরিতে তৎপর হয়ে উঠেছে। মসজিদের মুসুল্লিরা যখন নামাজে থাকেন, চোরের দল তখন জুতা চুরি করে পগার পাড় হন। রূপগঞ্জের এক হাজার মসজিদ থেকে দিনে প্রায় ৫০০ জুতা চুরির ঘটনা ঘটে।

 

বছরের অন্য সময়গুলোতে যেমন-তেমন রোজার মাস এলেই বেড়ে যায় জুতা চুরির ঘটনা। তবে বৃহস্পতি ও শুক্রবারেই ঘটে বেশি চুরির ঘটনা। উপজেলার প্রায় সব মসজিদের সামনেই ওৎ পেতে থাকে সংঘবদ্ধ জুতা চোরের দল।

 

মসজিদে জুতা চুরি রোধে সতর্কবাণী ও জুতা রাখার বিশেষ ব্যবস্থা করেও ঠেকানো যাচ্ছে না চোরের উৎপাত। জুতা চুরি করতে রূপগঞ্জে ১১ টি সংঘবদ্ধ চোরের দল রয়েছে। চুরি হওয়া এসব জুতা রং-পালিশ করে কম দামে বিক্রি হয় রূপগঞ্জের ভুলতা-গাউসিয়া, সোনারগাঁয়ের কাঁচপুর আর সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডের বিভিন্ন ফুটপাতে ও চোরাই মার্কেটে। 

 

অনুসন্ধানে জানা যায়, প্রতিদিনই উপজেলার মসজিদগুলো থেকে জুতা চুরি হয়ে যাচ্ছে। প্রতিটি মসজিদের জায়গায় জায়গায় ‘জুতা চোর হতে সাবধান, নিজ দায়িত্বে জুতা হেফাজত করুন’- লেখা থাকলেও জুতা চুরি রোধ করা যাচ্ছে না।

 

প্রতিটি মসজিদে কাঠের, প্লাষ্টিকের বাক্স থাকা সত্বেও জুতা চুরির ঘটনা অহরহ ঘটেই চলছে। অনেকে চুরি ঠেকাতে নিজেদের অনিচ্ছায়ই সেজদার সামনের জায়গায় জুতা রাখেন। এ সুযোগে মুসুল্লি বেশেই নানা কায়দায় চলছে জুতা চুরির ঘটনা। আর এসব জুতাই কম দামে মেলে  বিভিন্ন ফুটপাত ও চোরাই মার্কেটে। 

 

 খোঁজ নিয়ে জানা গেছে, সংঘবদ্ধ চোরেরা যেখান থেকে জুতা চুরি করে সেই এলাকায় তা বিক্রি করে না। বিক্রি করে অন্য এলাকায়। ভুলতা এলাকার চোরেরা জুতা বিক্রি করে কাঁচপুরে। তারাবসহ অন্য এলাকার চোরেরা বিক্রি করে চিটাগাং রোড এলাকায়।

 

জুমার নামাজ ও মাগরিবের সময় মুসুল্লিদের উপস্থিতিতে সরগরম থাকে উপজেলার সব মসজিদ। ঠিক সেই মুহুর্তকেই কাজে লাগান জুতা চোর চক্র। বিশেষ করে রমজান মাস এগিয়ে এলে মুসুল্লিদের চাপ বেড়ে যায়। এসময় তারাবির নামাজে দীর্ঘ সময় অতিবাহিত হয়। আর এ সুযোগকে কাজ লাগান চোরের দল।  উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, রূপগঞ্জে এক হাজারের বেশি মসজিদ রয়েছে।      

 
অনুসন্ধানে জানা যায়, রূপগঞ্জে জুতা চোরের ১১ টি দল সক্রিয় রয়েছে। এদের একেক টিমে ৬ জন করে থাকে বলে জানা গেছে। জুতা চুরি করতে তারা ব্যবহার করে বিভিন্ন পদ্ধতি। সংঘবদ্ধ চোরের দল মুসুল্লি বেশে মসজিদে প্রবেশ করে। পরে অন্য মুসুল্লিরা যখন সেজদায় যায়, ঐ সুযোগ কাজে লাগায়। এসব চোরের প্রতিদিন আয় আছে হাজার টাকা।

 

বাটা,ইপসি অথবা যেকোনো নতুন জুতায় সিল থাকলে সেসব জুতা বেশি দামে বিক্রি করে। এগুলোর দাম পড়ে ২’শ থেকে ৫’শ টাকা। আর পুরনো জুতাগুলো রং-পালিশ করে বিক্রি করে ৫০ থেকে ১’শ টাকায়। 


সরেজমিনে ভুলতা, গাউসিয়া, বরাব, বরপা, তারাব জামে মসজিদ ঘুরে দেখা যায়, মসজিদের জায়গায় জায়গায় লেখা রয়েছে, ‘জুতা চোর হতে সাবধান।’ মসজিদে জুতা চুরি রোধে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কথা হয় বরপা এলাকার মসজিদের মুসুল্লি আশিকুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ভাই জুতা এই পর্যন্ত তিন জোড়া খোয়াইছি। কোন ফাকে যেন নিয়া যায় টের পাইনা। মাথার সামনে রাখছি, তারপরও রক্ষা নেই।

 

ভুলতা নাহাটি এলাকার মুসুল্লি সাইফুল ইসলাম বলেন, গত শুক্রবার নতুন এক জোড়া জুতা নিয়া মসজিদে নামাজ পড়তে যাই। সালাম ফিরাইয়া দেখি আমার স্যান্ডেল নাই। নগর পাড়া জামে মসজিদের খাদেম মাওলানা সিদ্দিকুর রহমান বলেন, যারা চুরি করে, তাদের কোনো ভয় নাই। ভয় থাকলে আল্লার ঘর থেকে কিভাবে চুরি করে। সপ্তাহে ২/৩ দিন চুরির ঘটনা ঘটেই।

 

বেশি হয় শুক্রবারে। রমজান মাসে হয় সবচেয়ে বেশি। নানা পন্থা বের করেও চুরি রোধ করা যাচ্ছে না। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, যারা ছিচকে চোর তারাই এগুলো করে। মসজিদের জুতা চুরি সহজ হওয়ার কারণেই এ সুযোগটি নিচ্ছে তারা। তবে এসব চোরেরা নেশার টাকা জোগাতেই চুরি থাকে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন