সোনারগাঁয়ে করোনা মোকাবেলায় জনগণের পাশে এমপি খোকা ও মাসুম
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২০, ০৯:০৫ পিএম
সোনারগাঁয়ে মরণব্যাধি করোনাভাইরাস মোকাবেলায় জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসচ্ছল মানুষের খাদ্যের চাহিদা পূরণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যে দু’জন নেতা তারা হলেন গরিবের বন্ধু লিয়াকত হোসেন খোকা এমপি এবং উপজেলা আওয়ামীলীগের যগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
উপজেলাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, সোনারগাঁ করোনার প্রাদুর্ভাবের পর সুবিধাবাদী রাজনৈতিক নেতারা ফটোসেশনের জন্য মাত্র দুই-একদিন দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেই লোকচক্ষুর আড়ালে চলে গেছেন। কিন্তু শুরু থেকেই সোনারগাঁয়ের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি কর্মহীন ও অস্বচ্ছলদের খাদ্যের চাহিদা পূরণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি।
তার নির্দেশে স্বেচ্ছাসেবকরা বিরতিহীনভাবে উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় গরীব ও কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর লাশ দাফন ও করোনায় আক্রান্ত পরিবারের জন্য খাবার সরবরাহসহ প্রয়োজনীয় সকল কাজ করে দিচ্ছে এমপি খোকার নিয়োজিত স্বেচ্ছাসেবকরা। এমপি খোকার হটলাইনে ফোন দিয়ে প্রতিদিন শত শত পরিবার খাবার পাচ্ছে।
উপজেলাবাসীর ২৪ ঘন্টা স্বাস্থ্য সেবা দানে এমপি খোকার পক্ষ থেকে নিয়োজিত রয়েছে তিনটি অ্যাম্বুলেন্স। এছাড়া সোনারগাঁয়ের কৃষকদের ধান কাটার জন্য তিনি ৩টি অত্যাধুনিক মেশিন উপহার দিয়েছেন। করোনা পরিস্থিতি এভাবেই থাকলে সোনারগাঁবাসীর কল্যাণে তিনি আরো কত ধরনের সেবা চালু করবেন তা হয়তো উপজেলাবাসীর কল্পনাতেও নেই বলে মনে করেন সচেতনমহল।
অপরদিকে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সরকারি ও ব্যক্তিগত অর্থায়নে পিরোজপুর ইউনিয়নের প্রায় ২০ হাজার অসহায় মানুষকে খাদ্য সহায়তা করে এক নজিরবিহীন ইতিহাস রচনা করেছেন। স্বাধীনতার পর ইঞ্জিনিয়ার মাসুমের মত সোনারগাঁয়ের কোন ইউপি চেয়ারম্যানকে ইউনিয়নবাসীর সেবায় এভাবে নিজেকে বিলিয়ে দিতে দেখা যায়নি। পিরোজপুর ইউনিয়নের ইমাম-মুয়াজ্জিন, বেদে পরিবার, হিজড়া সম্প্রদায়, এমনকি ভিক্ষুকরাও ইঞ্জিনিয়ার মাসুমের কাছ থেকে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা পেয়ে আসছেন।


