বন্দরে বহুতল ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় মামলা
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২০, ০৭:২৭ পিএম
বন্দরে একটি বহুতল ভবনের সেপটিক ট্যাংকি বিস্ফোরণে দুই শিশুসহ এক অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৮ মে) রাতে নিহত দুই শিশুর পিতা খোরশেদ আলম বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলার কচুয়া থানার কোমরকাশা এলাকার মো. আলী হোসেন মিয়ার ছেলে হোশিয়ারী ব্যাবসায়ী খোরশেদ আলমসহ তার পরিবার র্দীঘ ২ বছর ধরে বন্দরের উইলসন রোডের দীঘিরপাড় মোল্লাবাড়িস্থ রাবেয়া মঞ্জিলের ৫ম তলা ভবনের নিচ তলার একটি ফ্লাটে বসবাস করে আসছে। খোরশেদ আলমের ২ ছেলে মাশনুন (১২) ও জিসান (৮) নিচতলার ফ্লাটের একটি রুমে থাকে। খোরশেদ আলম ও তার স্ত্রীসহ ছোট মেয়েকে সাথে নিয়ে অন্য একটি রুমে বসবাস করে আসছে।
প্রতিদিনের ন্যায় গত ৭ মে (বৃহস্পতিবার) রাতে রোজা রাখার জন্য স্বপরিবার সেহেরী খেয়ে যার যার রুমে ঘুমিয়ে পরে। ৮ মে (শুক্রবার) ভোর ৬টায় রাবেয়া মঞ্জিলের সেফটি ট্যাংক কিস্ফোরিত হয়ে বিকট শব্দ হয়ে ভূমিকম্পের মত বিল্ডিংটি কেঁপে উঠে। ওই ঘটনায় মাশনুন (১২) ও জিসান (৮) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান পাশের বাড়ির হুমায়ুন কবিরের ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী লাবনী আক্তার (৩০)। বিস্ফোরণে পাশের একটি ৪ তলা বাড়ি ও একটি টিনশেড বাড়ির ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় আহত হন আরো ৫ জন। তারা হলেন, নিহত নারীর মেয়ে নাবিলা (৮), তামান্না (১২) শহীদ (৪৫), লেকমত শেখ (৫৫) ও রুবেল (২৮)।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুঘটনার পর আমরা লাশ ৩টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য র্মগে প্রেরণ করেছি। আহত ৫ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। আমরা আহতদের খোঁজ খবর নিচ্ছি। সেফটি ট্যাংকি বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার থানায় মামলা দায়ের করেছে। দুর্ঘটনার পর থেকে বহুতল ভবনের মালিক রফিকুল ওরফে হাসান পলাতক রয়েছে। আমরা বাড়ির মালিককে গ্রপ্তারের চেষ্টা চালাচ্ছি।


