করোনাভাইরাস : বন্দরে ঈমামদের করণীয় বিষয়ে আলোচনা সভা
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২০, ১০:২৮ পিএম
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্দর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন মসজিদের ঈমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল ১০টায় বন্দর ইউনিয়নস্থ বাড়ৈখালী মাদ্রাসা প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ বিভিন্ন মসজিদের ঈমামদের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন।
আলোচনাকালে এহসান চেয়ারম্যান বলেন, বন্দর ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা প্রথমে নিজেরা সচেতন হবেন। তারপর মুসল্লিদের নামাজের নিরাপদ দূরত্ব বজায় রাখা সম্পর্কে অবগত করবেন। বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ। এখানে সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই মুসল্লিদের মধ্যে জনসচেতনতা তৈরি করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বাড়ৈখালী মাদ্রাসা মসজিদের পেশ ঈমাম ও খতিব মাওলানা মুফতী মামুনুর রশিদ, পূর্ব কুশিয়ারা জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব মুফতী বেলাল হোসেন, পোলাক আল হেরা জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আবু সাঈদসহ বিভিন্ন মসজিদের ঈমাম ও মোয়াজ্জিনবৃন্দ।


