স্বাস্থ্যবিধি মেনে সোনারগাঁয়ে জুম্মার নামাজ আদায়
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২০, ১০:২০ পিএম
করোনা সংক্রমণের ভয়কে দূরে সরিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মসজিদগুলোতে নামাজ আদায় করা শুরু করেছেন মুসল্লিরা।শুক্রবার (৮ মে) স্বাস্থ্যবিধি অনুসরণ করে পবিত্র মাহে রমজানের প্রথম মসজিদে জুম্মার নামাজের দিন মুসুল্লিদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
গতকাল বৃহস্পতিবার জোহর থেকে মসজিদে জামাতে নামাজ আদায়ের অনুমতি দেয় সরকার। সোনারগাঁ উপজেলা জামে মসজিদসহ প্রত্যেকটি এলাকার মসজিদেই জুম্মার নামাজের সময়ই বিপুলসংখ্যক মুসল্লি মসজিদে হাজির হন। তবে সবাই মসজিদে তিন ফুট দূরত্ব হিসেব করে বসেন।
এছাড়া করোনা থেকে মুক্তি পেতে মসজিদগুলোতে বিশেষ মোনাজাত করা হয়। আর ৪ সপ্তাহ পর হলেও পবিত্র রমজান মাসে জামাতে নামাজ আদায়ের অনুমতি পেয়ে খুশি মুসল্লিরা।
উপজেলা জামে মসজিদে নামাজ আদায় করা এক মুসল্লি বলেন, ‘আমরা যারা নিয়মিত জামাতে নামাজ পড়ে অভ্যস্ত তারা এতদিন যেন একটা অবরুদ্ধ অবস্থায় ছিলাম। গতকাল থেকে মন খুলে মসজিদে আসার পরিবেশ শুরু হয়েছে। আশা করি এটা অব্যাহত থাকবে। আশা করি আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব।’
ইসলামিক ফাউন্ডেশনসোনারগাঁ উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. আল আমিন বলেন, আমাদের নির্দেশনা ছিল প্রতিটি মসজিদে যেন সরকারি নির্দেশনা ও ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করা হয়। সেভাবেই প্রতিটি মসজিদে নির্দেশনা অনুযায়ী নামাজ আদায় হয়েছে।
উল্লেখ্য,করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকার গত ৬ এপ্রিল থেকে মসজিদে জুম্মা ও পাঁচ ওয়াক্ত নামাজে সাধারণ মুসল্লিদের অংশ নেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা দেয়। একই সঙ্গে গত ২৩ এপ্রিল তারাবির নামাজে ১২ জনের বেশি মুসল্লির অংশ নিতে পারবে না বলে ঘোষণা দেওয়া হয়। বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে নামাজ আদায়ের জন্য ১২টি শর্ত বেঁধে দেওয়া হয়।


