সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে জাহাঙ্গীর আলম নামে এক দলিল লেখককে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বুধবার (৬ মে) বিকালে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় এ সাধারণ ডায়েরি (নং ১৬৩) করেন।
জিডিতে জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, চিকিৎসার জন্য নগদ টাকার প্রয়োজন হওয়ায় সিদ্ধিরগঞ্জের মিজিমিজি পাইনাদী এলাকায় তার মালিকানাধীন সাড়ে ৪ শতাংশের উপর বাড়ি-ভূমি গত ১৭ ফেব্রুয়ারি তারিখে নারায়ণগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে বিক্রির উদ্দেশ্যে বায়নাপত্র করেন। কিন্তু বাড়ি বিক্রির বিষয়টি প্রকাশিত হওয়ার পর তার বাড়ি-ভূমির পূর্বদিকের মালিক মৃত আব্দুর রহিমের ছেলে মেজবাবুল ইসলাম আরিফ (বর্তমানে নজরুল ইসলাম বাবু নামে অস্ট্রিয়া অবস্থান করছে) বিদেশ থেকে এবং দেশে তার ভাই হাবিবুর রহমান মারুফ ও বোন মহসিনা আক্তার হ্যাপি জাহাঙ্গীর আলমকে প্রাণণাশের হুমকি দিচ্ছে। এছাড়া বন্দরের লক্ষণখোলা এলাকার রাসেল (মেসবাবুল ইসলাম আরিফের স্ত্রীর বড় ভাই) হুমকি দিচ্ছে।
হাবিবুর রহমান মারুফ ও তার বোন মহসীনা আক্তার হ্যাপি তাকে জবাই করে ফেলবে বলে শাসাচ্ছে। এছাড়া গত ৪ এপ্রিল তাদের নিয়োজিত দুই যুবক তৌহিদ (০১৯২৪০৫৫০৩০) ও পাবেল (০১৮১১৪১৯৮৯১) লোকজন নিয়ে তার বাসায় এসে হুমকি-ধামকি দেয়। এবং তার মোবাইলে (০১৭১১২০০০৭৩) ফোন করে অকথ্য ভাষায় গালমন্দ এবং প্রাণনাশের হুমকি দিয়ে বলে বাড়ি বিক্রি করতে পারবি না বলে শাসায়। সবশেষ গত ৫ মে ইফতারের আগে ফোন করে ওই দুই যুবক জাহাঙ্গীর আলমকে অকথ্য ভাষায় গালমন্দ এবং প্রাণনাশের হুমকি দিয়ে বলে, বাড়ি বিক্রি বন্ধ না করলে তোকে নারায়ণগঞ্জে অফিস করতে দিবো না। তোকে জানে মেরে ফেলবো।
জিডিতে তিনি উল্লেখ করেন, এমন অবস্থায় বিবাদী ও তাদের নিয়োজিত লোকজনের নানা ধরনের হুমকি-ধামকির কারণে আমি আমার স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে আছি। বিবাদীরা অত্যন্ত খারাপ প্রকৃতির লোক। তারা যে কোন সময় যে কোন স্থানে আমার ও আমার স্ত্রী-সন্তানের বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। তাই জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করা প্রয়োজন মনে করছি।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, জিডি হয়েছে। জিডির বিষয়টি খতিয়ে দেখার জন্য একজন সাব ইন্সপেক্টরকে দায়িত্ব দেয়া হয়েছে।


