বয়স আশি ছুঁই-ছুঁই। নাম দুধ নাহার। দীর্ঘ আট দশকে অনেক কিছু দেখেছেন। অনেক কিছু পেয়েছেন। স্বামী রহিম শেখ মারা গেছেন বছর দশেক আগে। এরপর আর দুধনাহার বেগমের খবর নেয়নি কেউ। সন্তান থেকেও যেনো নেই। বয়স্ক কিংবা বিধবা ভাতা, কপালে জোটেনি কোনটিই। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এসে পোড়াকপালি দুধনাহারের আফসোস ছিলো সমাজের কেউ এসে তাহার পাশে দাঁড়াবে।
অবশেষে হতভাগীর সেই আফসোস পূরণ হলো। সমাজ সেবায় ব্রত রফিকুল ইসলাম রফিক খবর পেয়ে তার পাশে দাঁড়ালেন। সংসার আর ব্যবসা লাটে তুলে নিরন্তর মানুষের সেবায় নিয়োজিত এ মানুষটি এখন ছুটে চলেন মানুষের সেবায়। সেবাই তার মন্ত্র, সেবাই তার ধর্ম। পাশাপাশি সমাজ থেকে অপরাধ ও মাদক নির্মূলে বদ্ধপরিকর এ মানুষটি। বাল্য বিয়ে, যৌতুক প্রথাসহ নানা অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা তার নিয়মে পরিণত হয়েছে।
আর শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি-কালচারের ক্ষেত্রে তার জুড়িমেলা ভার। বিত্ত-বৈভবের মধ্যে বসবাস করেও উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকার এ মানুষটি এখন খুঁজে খুঁজে অসহায়, হতদরিদ্র, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান। শুধু তাই নয়।
তরুণ এই শিল্পউদ্যোক্তার কারণে শত শত বেকার যুবকের কর্মসংস্থানেরও সৃষ্টি হয়েছে। বর্তমানে তিনি কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও। সমাজ সেবার অনন্য ভূমিকার কারণে ইতিমধ্যে তিনি ‘গরীবের বন্ধু রফিক ভাই’ হিসেবে গোটা রূপগঞ্জে খ্যাতি পেয়েছেন।
সরেজমিনে ঘুরে জানা যায়, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের অজোঁপাড়া নাওড়া গ্রাম। রাজধানী ঢাকার সন্নিকটে এককালের প্রমত্তা বালু নদের তীর ঘেষা শান্ত-সুনিবিড় নাওড়া গ্রামেই জন্ম ‘গরীবের বন্ধু রফিক ভাই’ খ্যাত আলহাজ রফিকুল ইসলাম রফিকের। খুবই সাদামাটা স্বভাবের এ তরুণ শিল্পউদ্যোক্তা অকাতরে নিজেকে বিলিয়ে দিয়েছেন সমাজ সেবায়।
অঢেল সম্পদ আর বিত্ত-বৈভবের মাঝে বসবাস করা এ মানুষটির মাঝে নেই কোনো হিংসা। নিরংহকারী এ মানুষটি সাধারণ মানুষের সঙ্গে সময় দিতেও খুব স্বাচ্ছন্দ্যবোধ করেন। সমাজের অসহায়, হতদরিদ্র, খেটে খাওয়া দিনমজুর মানুষগুলোই যেনো তার অতি আপনজন। মানুষের ভালোবাসার মাঝেই তিনি খুঁজে পান আনন্দ আর সুখ। সংসার আর নানা ব্যবসা লাটে তুলে নিজেকে নিয়োজিত করেছেন মানুষের সেবায়।
সেবার পাশাপাশি তিনি সমাজের নানা অনাচার-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সমাজ ধ্বংসের অন্যতম হাতিয়ার মাদকের বিরুদ্ধে তিনি জেহাদ ঘোষণা করেছেন। জেহাদ ঘোষণা করেছেন বাল্যবিয়ে আর যৌতুকের বিরুদ্ধে।
খোঁজ নিয়ে জানা গেছে, করোনা ভাইরাসের এই সংকটকালে রফিকুল ইসলাম তার রংধনু গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের যৌথ উদ্যোগে রূপগঞ্জের ৫০ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। চাল, ডাল, চিনি, লবণ, তেল, আলু, পেয়াজসহ নানা খাদ্য সামগ্রী ছিলো প্যাকেটে।
এছাড়া রমজানের আগের দিন ৫ হাজার মানুষের মাঝে বিতরণ করেছেন গরুর গোশত, পোলাওর চাল, ডাল, তেল, ছোলা, সাধারণ চাল। সংকটকালে ও রমজানের আগে এসব খাদ্যসামগ্রী পেয়ে সবাই আবেগ-আপ্লুত হয়ে পড়েন। এসব খাদ্য সামগ্রী হতদরিদ্র মানুষের পাশাপাশি বিধাবা, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের মানুষের মাঝেও বিতরণ করা হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর রমজান মাসের প্রথম দিকে ইউনিয়নজুড়ে গরীব-অসহায় মানুষের মাঝে খেজুর, আম পৌছিয়ে দেন। পাশাপাশি ছোলা, ডাল, তেল ও ভেষণসহ রমজানের আনুসাঙ্গিক দ্রব্যাদি তার নিজ উদ্যোগে দেওয়া হয়। ঈদুল ফিতরের দিন দেওয়া হয় সেমাই-চিনি, চাল-ডাল-তেল। পাশাপাশি শাড়ী-লুঙ্গিতো থাকেই। ঈদুল আযহার পরের দিন এলাকায় এলাকায় গরীবদের জন্য কোরবানির পশু পাঠিয়ে দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, গরীব ঘরের কোনো মেয়ের টাকার অভাবে বিয়ে দিতে সমস্যা হলে তরুণ এ উদ্যোক্তার উদ্যোগে ঐ মেয়ের বিয়ের সমস্ত খরচ বহন করা হয়। অসহায় কিংবা দিনমজুর ঘরের কোনো ছেলে-মেয়ের টাকার অভাবে লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলে ‘গরীবের বন্ধু’ খ্যাত রফিকুল ইসলাম রফিক পাশে দাঁড়ান। নিজের কাধে দায়িত্ব তুলে নেন ঐ ছাত্র অথবা ছাত্রীর লেখাপড়ার সম্পূর্ন খরচ।
বাল্যবিয়ের খবর পেলে ছুটে যান মা-বাবার কাছে। প্রথমে বুঝাতে চেষ্টা করেন। তাতে কাজ না হলে বিভিন্ন উপায়ে সহযোগীতার হাত বাড়িয়ে বাল্যবিয়ে বন্ধ করেন। এসবের পাশাপাশি তিনি এলাকায় এলাকায়, রাস্তার ধারে বৃক্ষরোপণ, গরীব শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, শীতে কম্বল বিতরণ, মসজিদ-মাদ্রাসায় কোরআন শরীফ বিতরণসহ নানা সমাজসেবামূলক কর্মকান্ড করেন। মসজিদ-মাদ্রাসার উন্নয়নেও তিনি ভূমিকা রাখেন।
শিক্ষার ক্ষেত্রে তার জুড়িমেলা ভার। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সমস্যা হলে পাশে দাড়ান। এছাড়া সাংস্কৃতিক কর্মকান্ড, কৃষ্টি-কালচারের প্রতিও তার রয়েছে নজর।
কথা হয় কায়েতপাড়া গ্রামের হরিপদ ভুলু বিশ্বাসের সঙ্গে। তিনি বলেন, অনেক টাকা পয়সার মালিক হয়েও তিনি যেভাবে গরীব মানুষের সঙ্গে মিশেন এটা খুব কমই পাওয়া যায়। পিরুলিয়া এলাকার নারায়ণ চন্দ্র বলেন, ওনার মতন মানুষ অয় না। বিপদে-আপদে ডাক দিলেই ওনি আমাগো হিন্দুগো সামনে (পাশে) খাড়ান (দাড়ান)। খামারপাড়া এলাকার আউয়াল আলী। মৃত্যুর কিনারায় দাঁড়িয়ে আছেন।
এখনো মাথায় বোঝা তুলে জীবন চালান। তিনি বলেন, স্যারে মানুষ ভালা। শীত আইলে কম্বল দেয়। রোজা আইলে ফল পাডায় (পাঠায়)। সুতিরপাড় এলাকার রমিজা খাতুন। অভাবের সংসার। নুন আনতে পান্তা ফুরায়। এর উপড় ছেলে-মেয়ের লেখাপড়ার ঘানি টানতে গিয়ে হিমশিম খেতে হয় রমিজাকে। তার এই দূরাবস্থায় পাশে দাঁড়ান রফিকুল ইসলাম রফিক।
রমিজা বলেন, আমার দুই পোলাপাইনের (ছেলে-মেয়ে) লেহাপড়ার খরচ চেয়ারম্যান সাহেব দেয়। ওনি টেকা না দিলে মাইয়া-পোলার লেহাপড়া বন্ধ অইয়া যাইতোগা। কথা হয় কায়েতপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুম আহম্মেদের সঙ্গে। তিনি বলেন, রফিক ভাইয়ের গুণের বর্ণণা দিয়ে শেষ করা যাবে না। প্রায় ১৫ বছর ধরে তিনি রূপগঞ্জের বিভিন্ন এলাকায় নীরবে মানুষের সেবা করে যাচ্ছেন। তার কোনো চাওয়া-পাওয়া নেই। মানুষের ভালোবাসা পেতেই তিনি মানুষের সেবা করেন।
খোজ নিয়ে জানা যায়, গত প্রায় দেড় দশক ধরে অনেকটা নীরবে ‘গরীবের বন্ধু’ খ্যাত এ মানুষটি সমাজের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন। সপ্তাহের প্রায় তিন থেকে চারদিন তিনি মানুষের পাশে থাকেন। শুক্র ও শনিবার সারাক্ষণ মানুষের সুখ-দুঃখের কথা শুনেন। এ দু’দিন ভিখারি থেকে শুরু করে সব শ্রেণীর হাজারো মানুষ ভীড় করে নাওড়া এলাকায়। নাওয়া-খাওয়া ভুলে গিয়ে অসহায়কে বুকে জড়িয়ে ধরেন।
মুরুব্বীদের সঙ্গে খোশগল্প করেন। তরুণদের সঙ্গে মজা করেন। আর নারীদের সম্মান করে কথা বলেন। নীরবে-নিভৃতে পথচলা এ মানুষটি আড়ালে থাকতে খুব পছন্দ করেন। সমাজসেবায় নিভৃতচারী গরীবের বন্ধু হওয়ায় তিনি বিনা প্রতিদ্ধন্ধীতায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রূপগঞ্জের আনাচে-কানাচের আবাল-বৃদ্ধা-বণিতা সবাই স্বপ্ন দেখেন তাকে নিয়ে। স্বপ্ন দেখেন আগামীর রূপগঞ্জ বিনির্মাণে। কথা হয় ‘গরীবের বন্ধু’ খ্যাত রফিকুল ইসলাম রফিকের সঙ্গে। তিনি যুগের চিন্তাকে বলেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
অসহায়-গরীব মানুষের পাশে দাড়াতে চাই। চাই সমাজের সামাজিক কর্মকান্ডে ভূমিকা রাখতে। রূপগঞ্জের মানুষ আমার প্রাণ। যতোদিন বাঁচবো রূপগঞ্জের মানুষের পাশে থাকবো। আমি একটা কথা বুঝি, মানুষের ভালোবাসার উপড়ে কিছু নাই।


