রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে করোনা পজেটিভ শনাক্ত এক রোগীকে মধ্যরাতে বাড়ি থেকে বের করে দিয়েছে বাড়িওয়ালা। বুধবার (৭ মে) দিবাগত মধ্যরাতে রূপগঞ্জের রূপসীতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে ওই বাড়িতে রেখে আসে। বাড়িওয়ালাকে সতর্ক করে দেয়। ওই তরুণের নাম নাজমুল (২২)। বুধবারই করোনা রিপোর্ট পজেটিভ আসে তার। সে রূপসীর নূর হোসেনের বাড়িতে ভাড়া থাকতো।
নাজমুলের মামা সিরাজ জানান, রূপসীর নূর হোসেনের বাড়িতে একটি কক্ষে ভাড়া থাকতো নাজমুল। কিছুদিন যাবত অসুস্থ থাকাতে তার করোনা পরীক্ষা করানো হয়। পরে বুধবার করোনা রিপোর্টে পজেটিভ আসে তার। এই কথা জানতে পেরে বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলে বাড়িওয়ালা নূর হোসেন। পরে মধ্যরাতে লাঠিসোটা দিয়ে ভয় দেখিয়ে এলাকার কিছু লোকজনকে সাথে নিয়ে বাড়িওয়ালা অসুস্থ নাজমুলকে ঘর থেকে বের করে দেয়। পরে তিনি ডাক্তারকে বিষয়টি জানালে তিনি পুলিশকে ঘটনা জানান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, রোগীকে ওই বাসাতেই রেখে এসেছি। সকালে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ওই রোগীর সঙ্গে আর কোনও ঝামেলা করা হলে বাড়িওয়ালাসহ অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


