স্টাফ রিপোর্টার : রূপগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১ এর একটি আভিযানিক দল। বুধবার (৬ মে) সকাল ১১ টার দিকে গাউছিয়া-কুড়িল সড়কের পশ্চিম কালাদী জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় নগদ ৩৪ হাজার টাকা মাদক ব্যবসার কাজে কাজে ব্যবহৃত একটি জিপ গাড়ি, সিমকার্ডসহ দুইটি মোবাইল, একটি পুলিশের (মহিলা) আইডি কাড জব্দ করে র্যাব।
আটককরা হলো- নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার মৃত আজিজের ছেলে মো. বাহাউদ্দিন বাবুল (৩০) এবং জামালপুর জেলার ইসলামপুর থানার পশ্চিম কুলকান্দি জোদ্দারপাড়া এলাকার মো. কোরবান আলীর ছেলে মো. মনির হোসাইন।
র্যাব-১ (সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ) এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি জিপ গাড়িযোগে কুমিল্লা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ গাজীপুরে আসছে। সংবাদ পেয়ে র্যাবের একটি চৌকষ আভিযানিক দল রূপগঞ্জের গাউছিয়া-কুড়িল সড়কের কাঞ্চন পৌরসভার পশ্চিম কালাদী জামে মসজিদ সংলগ্ন রিপন স্টোর নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন তল্লাশী করা হয়।
তিনি আরও জানান, তল্লাশী চলাকালে সকাল ১১ টার একটি জিপ গাড়ি দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে কর্তব্যরত র্যাব সদস্যরা গাড়ির গতিরোধ করে তল্লাশী চালায়। পরে ৪০ কেজি গাঁজাসহ গাড়িটি জব্দ করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা তাদের ব্যবহৃত গাড়িতে সাদা কাগজে টাইপকৃত "পুলিশ" লেখা স্টিকার ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাদকদ্রব্যের চালান সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। আটককদের রূপগঞ্জ থানায় প্রেরণ করা হয়েছে।


