রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাস সংক্রমণের কারণে রূপগঞ্জে কৃষি শ্রমিক সংকট দেখা দিয়েছে। বুধবার (৬ মে) এক কৃষকের জমির পাকা ধান কেটে দিয়েছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল।
জানা যায়, রূপগঞ্জ উপজেলা শিল্পাঞ্চল এলাকা হওয়ায় এখানে কৃষি শ্রমিকের অভাব রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল লকডাউন থাকায় এবং নারায়ণগঞ্জে অন্য জেলার লোকজন প্রবেশ নিষেধ থাকার কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে। জমির পাকা ধান নিয়ে বিপাকে স্থানীয় কৃষকরা। তাই রূপগঞ্জ উপজেলার কৃষক মনির হোসেনের জমির পাকা ধান কেটে দেয়ার উদ্যোগ নেয় উপজেলা ছাত্রদল। স্বেচ্ছাশ্রমে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলামের নেতৃত্বে ৯জনের একটি দল বুধবার দিনব্যাপী কৃষকের জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।
উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম জানান, মানুষ মানুষের জন্য। বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে বিপাকে পড়া কৃষকের জমির ধান কেটে দেয়া হচ্ছে। এছাড়াও শ্রমজীবী কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও আর্থিক সহযোগিতা অব্যাহত রয়েছে। দিপু ভুঁইয়ার হাতকে শক্তিশালী করার জন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।


