বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে পানির মটরে সুইচ দিতে গিয়ে আমির হোসেন (৩৫) নামে এক দিনমজুর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রোববার (৩ মে) সকালে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ফনকুন এলাকায় এ ঘটনা ঘটে। আমির হোসেন ফনকুন এলাকার মৃত আব্দুল হোসেন মিয়ার ছেলে ও ২ সন্তানের জনক।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আমির হোসেন গত রোববার সকালে একই এলাকার রফা মিয়ার বাড়িতে মাটি কাটার কাজে আসে। পরে পানির মটরে সুইচ দিতে গেলে ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়।
সংবাদ পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মান্নান মিয়াসহ পঞ্চায়েত কমিটি দ্রুত ঘটনাস্থল আসে। পরে ক্ষতিগ্রস্থ পরিবারকেসাড়ে ৩ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন। তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করে থানা পুলিশকে না জানিয়ে তড়িগড়ি করে লাশ দাফন করে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান দুর্ঘটনার বিষয়টি ক্ষতিগ্রস্থ পরিবার আমাদের অবগত করেনি। তাই বিষয়টি আমার জানা নেই।
এ ঘটনায় মুছাপুর ইউনিয়ন পরিষদ সদস্য মান্নান মিয়া জানান, ক্ষতিগ্রস্থের আত্মীয় স্বজনরা স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে বিষয়টি মিমাংসা করে। আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। এর বেশি কিছু বলতে পারব না।


