তুষার আহমেদ : নারায়ণগঞ্জে আশঙ্কা জনক হারে বাড়ছে করোনা আক্রান্ত রোগী। গত শনিবার (২ মে) জেলায় নতুন আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। নতুন ৪জনের প্রাণহানীর মাধ্যমে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে।
অনুসন্ধানে জানা গেছে, জেলায় আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি সিটি কর্পোরেশন এলাকায়। গত ২৪ ঘন্টায় শুধু সিটি কর্পোরেশন এলাকায় নতুন ২৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৩ জনে। আর মৃত্যু বরণ করেছেন ২৬জন।
তবে, নারায়ণগঞ্জ সিটির পরই সবচেয়ে ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে সদর উপজেলায়। ফতুল্লা ও সিদ্ধিগঞ্জ থানা এলাকা নিয়ে গঠিত এই সদর উপজেলায় এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৯০ জন। এখানে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।
গত ২৪ ঘন্টার তথ্য আরো ভয়াবহতার ইঙ্গিত দিচ্ছে সদর উপজেলাকে। ২৪ ঘন্টায় সদরে নতুন রোগী সনাক্ত হয়েছেন ৩০জন। যা গোটা নারায়ণগঞ্জ জেলায় সবচেয়ে বেশি।
এদিকে সদর উপজেলার মধ্যে ফতুল্লা থানা এলাকার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সিদ্ধিরগঞ্জের তুলনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় এগিয়ে ফতুল্লা।
অন্যদিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকায় একই পরিবারের ১৮ জন করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ বেড়েছে ওই এলাকার বাসীন্দাদের। তার উপর স্থানীয় চেয়ারম্যান আলহাজ¦ মনিরুল আলম সেন্টু করোনায় আক্রান্ত হওয়ার খবরে সেই উদ্বেগ পরিনত হয়েছে আতঙ্কে। আশপাশের সচেতন বাসীন্দাদের মধ্যে ভীতি দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, দেলপাড়া এলাকায় একই বাড়ির ১৮ জন আক্রান্ত হওয়া পারিবারের একজন জেলা সিভিল সার্জনের সহকারী চিকিৎসক। দেলপাড়া ও আশপাশের এলাকায় তাদের ৪টি মার্কেট রয়েছে। মার্কেটের প্রতিটি দোকান ভাড়া দেওয়া।
ওই পরিবারের সর্বপ্রথম আক্রান্ত হওয়া ব্যক্তির নাম মোঃ আনিছ। তিনি মূলত তাদের মার্কেটগুলো থেকে ভাড়া উত্তোলন করতেন। এর জন্য তিনি একাধিক ব্যক্তির সংস্পর্শে গিয়েছেন। ঠিক তেমনি আক্রান্ত হওয়ার পর তার সংস্পর্শেও এসেছে একাধিক ব্যক্তি।
তথ্য মতে, আনিছ অসুস্থ অনুভব করায় তার নমুনা পরীক্ষা করানো হয়। এতে পজিটিভ রিপোর্ট আসায় পরিবারের বাকি সদস্যদের নমুনা পরীক্ষার পর সবাই আক্রান্ত বলে প্রমানিত হয়।
মূলত আনিছ এর মাধ্যমেই এই যৌথ পরিবারের অন্যান্য সদস্যরা আক্রান্ত হয়েছেন। আর করোনা ছোঁয়াছে রোগ হওয়ায় তাদের মার্কেটের ব্যবসায়ীসহ সংস্পর্শে আসা ব্যক্তিদের সংক্রোমিত হওয়ারও প্রবল ঝুঁকি রয়েছে।
এদিকে, ওই পরিবারটি সংক্রোমিত হওয়ার খবরে এলাকার কিছু অতিউৎসাহী ব্যক্তি তাদের বাড়িতে হামলার চেষ্টা চালিয়েছে। এমনকি ওই বাড়িতে ঢিল ছোড়ার অভিযোগও পাওয়া গেছে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
অন্যদিকে কতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর বাসভবনও দেলপাড়ায়। তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন। সূত্র বলছে, করোনার শুরু থেকে চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু তার ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই সাহায্য সহযোগিতা করার জন্য ঘুরে বেড়িয়েছেন।
বিভিন্ন স্থানে কীটনাশক স্প্রে করতেও দেখা যায় তাকে। তিনি কবে কার সংস্পর্শে এসে আক্রান্ত হলেন এই নিয়ে প্রশ্ন থাকলেও ভাবার বিষয় হচ্ছে তার সংস্পর্শে এসেছে দেলপাড়াসহ কুতুবপুর ইউনিয়নের অংসখ্য ব্যক্তি। ফলে দেলপাড়া তথা কুতুবপুর ইউনিয়নকে স্থানীয় আতঙ্কিত বাসীন্দারা মনে করছেন করোনার ডেঞ্জার জোন।
এখনই দ্রুত সময়ের মধ্যে এই অঞ্চলের মানুষদের নমুনা পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া না হলে আগামীতে সদর উপজেলা হয়তো কাগজে কলমেই ডেঞ্জার জোনে পরিনত হতে পারে। এমন আশঙ্কা থেকেই যায়।
এ বিষয়ে কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু বলেন, করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবায় আমার ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই ঘুরে বেড়িয়েছি। মানুষদের সাহায্য সহযোগিতা করেছি। এভাবে কার সংস্পর্শে এসে আক্রান্ত হলাম তা বলা যাচ্ছে না। ‘অসুস্থ্য বোধ করায় নমুনা পরীক্ষা করাই।
এরপর গত ১২ দিন পূর্বে করোনা পজিটিভ আসে। বিষয়টি চিকিৎসক, সিভিল সার্জন ও জেলা প্রশাসক মহোদয় অবগত আছেন। এরপর থেকে আমি আমার ঘরেই অবস্থান নেই ও চিকিৎসকের পরামর্শ মেনে চলি।
এই মূহুর্তে আমি সুস্থ্যতা অনুভব করছি। আল্লাহর রহমতে কোন উপসর্গ নেই। আজ ১২ দিন হলো। ১৪ দিন পর পূরনায় পরীক্ষা করতে হবে। আসা করছি পরবর্তী পরীক্ষায় পরিপূর্ন সুস্থতার প্রমান মিলবে।’
‘আমি ঘরে থাকলেও মোবাইলের মাধ্যমে ইউনিয়নের প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সবার কাছে দোয়ার প্রার্থনা করছি। যেন দ্রুত সকলের মাঝে ফিরে আসতে পারি।’
এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন- এই মূহুর্তে মানুষের ঘরে থাকার বিকল্প নেই। আমি দায়িত্ব পালনের জন্য বাইরে গেলেও সুরক্ষা পোশাক ও অন্যান্য সামগ্রী ব্যবহার করেছি। এরপরও আক্রান্ত হোলাম।
আর রাস্তায় এমনও মানুষ দেখা যায়, যারা মাস্কও ব্যবহার করছেন না। নির্দেশনা না মেনে ঝুঁকি নিয়ে চলছেন। এভাবে চলতে থাকলে এই এলাকার পরিনতি আরো ভয়াবহ হবে। আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করছি মানুষদের ঘর মুখো করতে।
তবে শনিবার সরেজমিনে দেখা যায়, দেলপাড়া এলাকায় অত্যন্ত ঘনবসতি রয়েছে। বিভিন্ন জেলা থেকে এখানে এসে গার্মেন্টস বা মিল-ফ্যাক্টরীতে চাকুরী করেন অসংখ্য মানুষ। আর এই ভাসমান মানুষের মধ্যে সিংহ ভাগই এখনও রয়েছেন অসচেতন।
বিনা কারণে হাটাহাটি করছেন রাস্তা ঘাটে। কেউবা পর্দা বেষ্টিত চায়ের দোকানে জমিয়ে আড্ডা দিচ্ছেন। আবার কেউ অযথা ভীর জমাচ্ছেন বাজার ঘাটে। তাদের মধ্যে সংক্রোমিত হওয়ার বিন্দু মাত্র চিন্তাও লক্ষ করা যায়নি।
দেলপাড়া টাওয়ারপাড় মোড়ে চায়ের দোকানের সামনে অযথা দাঁড়িয়ে থাকা হৃদয় নামে এক যুবকের সাথে কথা হলে তিনি বলেন- এতোদিন ঘরেই ছিলাম। এখন বের হয়েছি এলাকার পরিস্থিতি দেখতে যে, মানুষ লকডাউন মানছেন কি না ! এক প্রশ্নের জবাবে এই যুবক বলেন- ‘সমস্যা নেই মুখে মাস্ক আছে।’
এমন টালবাহানা মূলক কথা বলছেন এই ঝুকিপূর্ন এলাকার একাধিক ব্যক্তি। প্রশাসনের কঠোরতা না পেলে ওই এলাকার পরিনতি হবে আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন অনেকেই।’
জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ যুগের চিন্তাকে বলেন- দেলপাড়া এলাকায় আমরা মনিটরিং করেছি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও মনিটরিং করা হয়েছে। আক্রান্ত পরিবার ঘরের ভেতরেই চিকিৎসা নিচ্ছেন। আর ওই এলাকার মানুষদের আমরা সতর্ক করেছি, যাতে নিজ দায়িত্বেই মানুষ ঘরে থাকে।


