যুগের চিন্তা রিপোর্ট : মহামারী করোনাইভাইরাস আর ভয়াবহ মরণব্যাধি মাদকের ছোবলে আক্রান্ত নারায়ণগঞ্জ নগরী। করোনাই ভাইরাস প্রাদূর্ভাবে জেলার আইনশৃঙ্খলা বাহিনী নিরলস দায়িত্ব পালন করলেও মাদকের বিরুদ্ধে তাদের ঘোষিত জিরো টলারেন্স নীতি আর বজায় থাকছেনা বলে অনেকেই মনে করছেন।
যার ফলে মাদক ব্যবাসায়ীরা বিনা ভয়ে পাড়া-মহল্লাগুলোতে দিনভর রমরমা মাদকের ব্যবসা করছে বলে অভিযোগ বিভিন্ন এলাকার সাধারণ বাসিন্দাদের।
এক পরিসংখ্যানে দেখা গেছে গত ১ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত ফতুল্লা মডেল থানায় একটিও মাদক মামলা হয়নি। অথচ ফতুল্লার বিভিন্ন এলাকায় কৌশলে চলছে মাদকের কারবার।
খোঁজ নিয়ে জানা গেছে, লকডাউন কার্যক্রমের অংশ হিসেবে রাজনৈতিক দলের নেতাকর্মীরা মাঠে না থাকলেও দিনরাত সমানতালে জেলার পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হচ্ছে।
কোথাও করোনাভাইরাস সংক্রমনে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেলে সাথে সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা থানা পুলিশ ফোন করছে এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে কঠোর নজদারীসহ লকডাউন কার্যকরের জন্য দায়িত্ব পালন করছে।
পুলিশ যখন ভাইরাস নিয়ে ব্যস্ত তখন নগরীর চিহ্নিত মাদক ব্যবসায়ীরা বিস্তর পরিকল্পনা করে নতুন কায়দায় নগরীর এলাকাগুলোতে মাদকের পসার সাজিয়ে বসেছে।
অনেকের ভাষ্যমতে, এখন আর তাদের মধ্যে পুলিশ ভীতি কাজ করছেনা। মাদক ব্যবসায়ীরা ভয় ভীত না হয়ে নিজেদের ব্যবসা পরিচালনা করছে এলাগুলোতে! ফতুল্লা মডেল থানাধীন ফতুল্লা রেল স্টেশন, আলীগঞ্জ, পাগলা, চাঁনমারী, মাউরাপট্টি, সবুজবাগ, গলাচিপা, তল্লা, বাবুরাইল, জামতলা, তয়াক্কার মাঠ সহ আরো বেশ কয়েকটি স্থানে প্রকাশ্যে দিবালোকে চলছে মাদক ব্যবসা।
বিগত যে কোন সময়ের তুলনায় উল্লেখিত এলাকাগুলোতে মাদক ব্যবসায়ীদের সংখ্যা বেড়েছে করোনাভাইরাস প্রাদূর্ভাবের এই সময়ে।
ফতুল্লা থানা পুলিশের একটি সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের থানাগুলোর হাজত খানায় আসামীদের জমায়েতে বিধি-নিষেধ আরোপ করেছে। এমন প্রেক্ষাপটে থানাগুলোতেও নাকি মামলার সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে।
নাম না প্রকাশ করার শর্তে ফতুল্লা থানা পুলিশের এক কর্মকর্তা বলেছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মাদক সংক্রান্ত মামলা ও আসামীদের গ্রেফতর কিংবা আটকের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে। থানাগুলো করোনাভাইরাস সংক্রমন রোধে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
একটি সূত্রে জানা আরো জানা গেছে, গত ১ এপ্রিল থেকে গতকাল রোববার ফতুল্লা মডেল থানায় কোন মাদক মামলা রুজু করা হয়নি। তবে থানাগুলোতে মাদক মামলার শূন্যতা দেখে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
নগরীর বিভিন্ন এলাকার সংবাদকর্মীদের প্রাপ্ত তথ্যে জানা যায় পুলিশ মাদকসহ আসামী আটক করলেও বিগত সময়ের তুলনায় অনেকটা নমনীয়তা অবলম্বন করছে পুলিশ। কিছু উৎকোচের বিনিময়ে আসামীদেরও ছেড়ে দেওয়ারও অভিযোগ উঠেছে।
বিশিষ্টজনদের মতে, এক ভয়াবহতা রুখতে গিয়ে পুরোনা এক ব্যধিকে ছাড় দেওয়া ঠিক হচ্ছেনা। তাদের মতে, মহামারী করোনাভাইরাস মানবদেহে আক্রান্ত হওয়ার পর অল্প কিছুদিনেই নিজের জাত চিনিয়ে দিচ্ছে কিন্তু মাদকের বিষয়টি তেমন নয়।
মাদক সেবনের সাথে সাথে কিংবা সেবনের কয়েক মাস পরেও মানুষ মৃত্যুবরণ করেনা। তবে মাদক ধীরে ধীরে সমগ্র জাতীকে ধ্বংসস্তুপে নিক্ষেপ করে। মদকের ভয়াবহতা রুখার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও প্রশান বরাবরই যুদ্ধ ঘোষণা করেছে তবে এক ভয়াবহতা রুখতে গিয়ে আরেক ভয়াবহতাকে সামনে অগ্রসর হতে সাহায্য করছে বলে তারা মনে করেন।
নগরীর বিভিন্ন এলাকায় সরেজমিনে প্রাপ্ত তথ্যে জানা গেছে, দীর্ঘ লকডাউন প্রেক্ষাপটে বেকার হয়ে যাওয়া যুবসমাজকে ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। অর্থের সংকটে ভুগতে থাকা পরিবারের সদস্যদের দিয়েও মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।
এমন অবস্থা চলমান থাকলে করোনা পরিবর্তী সময়গুলোতে মাদকের এই ভয়াবহতায় অবশ্যই জাতীকে চরম মূল্য দিতে হবে এমনটাই মনে করেন এলাকাবাসী।


