স্টাফ রিপোর্টার : রূপগঞ্জে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১ (সিপিসি-৩, পূর্বাচল ক্যা¤প, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ) এর একটি আভিযানিক দল।
আটককৃতরা হলো - গোপালগঞ্জ জেলার সদর উপজেলার পুরান মানিকদা এলাকার মো. মিন্টু শেকের ছেলে মো. নাজিম উদ্দিন, বলাকৈর এলাকার মো. শহর আলী মৃধার ছেলে ও পিকআপ চালক মো. মিলন মৃধা এবং চর মানিকদা এলাকার মো. কবির মোল্লার ছেলে মো. আরিফ মোল্লা।
রোববার (৩ মে) সকাল ১১ টায় রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার মায়ার বাড়ি বাসস্ট্যান্ডে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি পিকআপে তল্লাশী চালায় র্যাব সদস্যরা। এ সময় পিকআপ ভ্যানে থাকা ওই গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
এ ছাড়াও মাদক পাচারের কাজে ব্যবহৃত ওই পিকআপ ভ্যান, সিমকার্ডসহ পাঁচটি মোবাইল সেট এবং মাদক কেনা বেচার নগদ ৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা।
র্যাব-১ (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, কুমিল্লা থেকে একটি পিকআপ ভ্যান গাঁজাসহ ঢাকায় আসছে এমন সংবাদের ভিত্তিতে কাঞ্চন পৌরসভার মায়ার বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।
এসময় পিকআপটি দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে কর্তব্যরত র্যাব সদস্যরা এটির গতিরোধ করে। পরে তল্লাশী চালিয়ে ওই গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


