আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয়েছে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ স্যাম্পল সংগ্রহের কাজ।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজর) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ স্যাম্পল সংগ্রহের কর্নার উদ্বোধন করেন। এখন থেকে করোনা সন্দেহ ব্যক্তিরা তার নমুনা (স্যাম্পল) কর্নারে দিতে পারবেন। রোববার (৩ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. সায়মা আফরোজ ইভা জানান, যদি কারো মধ্যে করোনা উপসর্গ থাকে তারা অবশ্যই স্যাম্পল দিয়ে যাবেন। হাঁচি, কাশি ও জ্বর অনুভব করলে কেউ গোপন রাখবেন না। আপনাদের সেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুত রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা আক্রান্তরা আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠবেন। ইতি মধ্যে আক্রান্তদের মধ্যে উপজেলার বিভিন্ন এলাকার এ পর্যন্ত পাঁচজন সুস্থ হয়ে উঠেছেন।
তিনি আরও জানান, কর্নারে ইচ্ছা করলে যে কেউ তার নমুনা দিতে পারবেন। নমুনা সংগ্রহের পর আইইডিসিআরে পাঠানো হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩২২ জনের নমুনা (স্যাম্পল) সংগ্রহ করা হয়েছে। আক্রান্ত ২৭ ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। প্রসঙ্গত ৮এপ্রিল এ উপজেলায় প্রথম করোনাভাইরাসে সংক্রমিত হয় এক নারী।


