ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলে যাত্রী বহন, বাড়ছে ছিনতাই
প্রকাশ: ০৩ মে ২০২০, ০৪:২৩ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাসকে উপেক্ষা করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড়ে প্রতিদিন শত শত মোটরসাইকেল দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে যাত্রী পরিবহনের অভিযোগ পাওয়া গেছে। আবার যাত্রীদের ছিনতাইয়ের শিকার হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশের তেমন একটা তৎপরতা না থাকায় বেপরোয়া হয় মোটরসাইকেল চালকরা।
কয়েকজন ভুক্তভোগি বলেন, জরুরি প্রয়োজনে কাজে কোনো যানবাহন না পেয়ে মোটরসাইকেল দিয়ে যেতে হয়। বেশির ভাগ মোটরসাইকেলের কোন ধরনের প্রয়োজনীয় কাগজপত্র নাই। অনেক সময় এর চালকরা যাত্রীদের গন্তব্যে না নিয়ে নির্জন জায়গায় নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও গুরুতপূর্ণ জিনিস হাতিয়ে নেয়। এমন ছিনতাইয়ের পরিস্থিতি আমরা কয়েকজন যাত্রীও পড়েছিলাম। মোটর সাইকেলে যাত্রী পরিবহনের আড়ালে যারা এসব ছিনতাই করছে তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থার দাবি জানাচ্ছি।
এবিষয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোজাফ্ফর বলেন, প্রতিদিন চিটাগাংরোডে এলাকায় মোটরসাইকেল চালকদের ধাওয়া করি। পুলিশ যাওয়ার পর আবার তারা এসে যাত্রী বহন করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এরা যেনো আর উঠতে না পারে তাই এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে চিটাগাংরোড ট্রাফিক পুলিশের টিআই এডমিন তাসলিম মোল্যা বলেন, আমার ট্রাফিক পুলিশের সদস্যরা সবসময় মহাসড়কে কাজ করছে। মোটরসাইকেল চালকরা পুলিশ দেখলে পালিয়ে যায়। এসব মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কঠোরভাবে দমন করা হবে। অবৈধ কোন ধরনের যানবাহনকে ছাড় দেওয়া হবে না এবং যারা সরকারের নিষেধ অমান্য করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।


