সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নাসিক ১নং ওয়ার্ডে গরীব-অসহায় ও নিম্ন আয়ের ৪০৮ জনকে সরকারি ওএমএস (রেশন) কার্ড প্রদান করেছে কাউন্সিলর ওমর ফারুক।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ওয়ার্ডের পুকুরপাড়, আল-আলামিন নগর, সিআই খোলা, চাঁন টাওয়ার, হীরাঝিলসহ বেশ কিছু এলাকায় এ কার্ড বিতরণ করা হয়।
এছাড়া দুপুর থেকে বিকেল পর্যন্ত নিয়মিত খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে মিজমিজি পূর্বপাড়া টিসি রোড এলাকায় আরো ২৫০ পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্য সহায়তা প্রদান করেন ওমর ফারুক। এসময় সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী ইউছুফ আলী উপস্থিত ছিলেন।
কাউন্সিলর ওমর ফারুক বলেন, ৪০৮ জন নিম্ন আয়ের ব্যক্তিদের সরকারি সুযোগ-সুবিধা সম্পন্ন ওএমএস (রেশন) কার্ড প্রদান করেছি। ২৭টি ওয়ার্ডের মধ্যে সর্বপ্রথম এবং দ্রুত আমার ওয়ার্ডেই অসহায়দের আমি এই সুযোগ দিতে পেরেছি। এই কার্ডের মাধ্যমে কার্ডধারী ব্যক্তিরা প্রতি মাসে সর্বনিম্ন ১০ টাকা দরে ২০ কেজি করে চাউল ক্রয় করতে পারবে। এছাড়া পর্যায়ক্রমে সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে তারা।
এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সিটি কর্পোরেশনের মাধ্যমে আসা প্রতিদিনের ন্যায় আজও ২৫০ পরিবারকে খাদ্য বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।


