বন্দর (যুগের চিন্তা ২৪) : করোনাভাইরাসে কর্মহীন মানুষ বন্দরে ইনসি সিমেন্ট ফ্যাক্টরি কর্র্তৃক সহযোগিতা না পেয়ে বিক্ষুব্ধ জনতা ত্রাণের জন্য আনা খাদ্যসামগ্রী লুটপাট চালিয়েছে বলে জানা গেছে। শনিবার (২ মে ) বেলা ১১ টায় বন্দরের মাহমুদনগর এলাকায় এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। লুট হওয়া খাদ্যসামগ্রীর মধ্যে চাল, ডাল ,তেল ও আটা রয়েছে বলে ইনসি সিমেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দরে মাহামুদনগর এলাকায় অবস্থিত ইনসি সিমেন্ট ফ্যাক্টরি শনিবার নাসিক ২০ নং ওয়ার্ডের মাহমুদনগর ও বেপারীপাড়া এলাকায় কর্মহীন অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবে বলে এলাকায় খবর প্রচার হয়। ত্রাণ বিতরণের খবর পেয়ে শনিবার সকালে শত শত নারী পুরুষ ইনসি সিমেন্ট ফ্যাক্টরির সামনে ভিড় জমায়। ভিড় এড়ানোর জন্য ইনসি সিমেন্ট কর্র্তৃপক্ষ ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার ঘোষণা দেন। পরে দুটি ভ্যান গাড়িতে করে ত্রাণ সামগ্রী এলাকায় নিয়ে যাওয়ার সময় বিক্ষুদ্ধ জনতা একটি গাড়ির খাদ্যসামগ্রী লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে মাহমুদনগর ইসমাইল হোসেন জানান, করোনা ভাইরাসের দুর্যোগে বন্দরে বিভিন্ন প্রতিষ্ঠান মানবতার সেবায় এগিয়ে আসলেও আমাদের এখানে গড়ে উঠা ইনসি সিমেন্ট কর্তৃপক্ষ হত দরিদ্রদের পাশে দাঁড়ায়নি। তারা ত্রাণ দেওয়ার কথা এলাকায় খবর প্রচার করলে সেখানে এলাকাবাসী আসে। ফ্যাক্টরির প্রধান কার্যালয় থেকে এলাকাবাসীর জন্য ত্রাণ সামগ্রী পাঠানো হয়। স্থানীয় কর্তৃপক্ষ প্যাকেট খুলে তা থেকে কিছু ত্রাণসামগ্রী রেখে দেন। এ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসী। এ দিকে ত্রাণ না পেয়ে কারখানার গেইটে সামনে সকাল থেকে বিকেল পর্যন্ত বিক্ষোভ করছেন এলাকাবাসী।
ইনসি সিমেন্ট কারখানার জিএম মাহবুব জানান, আমাদের স্টাফরা কারখানার ভিতরে রয়েছে। বাইরে কী হয়েছে তা জানা নেই।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মো. রফিকুল ইসলাম জানান, ইনসি সিমেন্ট কর্তৃপক্ষ ত্রাণ বিতরনের বিষয়টি আমাদের অবগত করেনি। তবে আমি শুনেছি মাহামুদনগর এলাকায় কিছু ত্রাণ বিতরণ করেছে।


