Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে পুঁজি হারিয়ে দিশেহারা পোল্ট্রি খামারিরা

Icon

প্রকাশ: ০১ মে ২০২০, ০৫:৫৫ পিএম

আড়াইহাজারে পুঁজি হারিয়ে দিশেহারা পোল্ট্রি খামারিরা
Swapno

এম এ হাকিম ভূঁইয়া : আড়াইহাজার উপজেলায় বিভিন্ন এলাকায় ১৫ বছরের ব্যবধানে বিপুল সংখ্যক ছোট বড় পোল্ট্রি খামার গড়ে উঠেছে। এসব খামারে কক, ব্রয়লার ও লেয়ার মুরগি পালন করা হচ্ছে। এর মাধ্যমে বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। স্থানীয় চাহিদা মিঠিয়ে দেশের বিভিন্ন এলাকায় ডিম ও মুরগি বিক্রি করা হচ্ছে। 


তবে (কোভিড-১৯) করোনাভাইরাস প্রাদুর্ভাবে থমকে গেছে খামারিদের মধ্যে অনেকের আয়ের পথ। স্থানীয় বাজারগুলোতে মুরগির চাহিদা আগের তুলনায় কমেছে। এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা। পাশাপাশি অনেক খামারে রোগ আক্রান্ত হয়ে মুরগি মরে যাচ্ছে। 


এতে মোটা অংকের টাকা লোকসানের মুখে পড়েছেন অনেকেই। খোঁজ নিয়ে জানা গেছে, রোগ আক্রান্ত হয়ে এরই মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় ছোট বড় প্রায় দুই শতাধিক খামারের মুরগি মরে গেছে। ঔষধ ব্যবহার করেও লোকসান ঠেকাতে পারেনি খামারিরা। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে অনেক খামার। পুঁজি হারিয়ে এখন তারা দিশেহারা। 


আড়াইহাজার পৌরসভা বাজারে অবস্থিত রাফসান পোল্ট্রি ফিড ব্যবসায়ী মাহবুব বলেন, আমার অধীনে প্রায় শতাধিক খামারি আছেন। এর মধ্যে এক মাসের ব্যবধানে ৩০ টি খামারের অধীকাংশ মুরগি মরে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মুরগির চাহিদা কমেছে। 


যাদের খামারে মুরগি রয়েছে। তারাও ন্যায্য মূল্য পাচ্ছে না। তিনি আরো বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠা অনেক খামার এরই মধ্যে এখন বন্ধ হয়ে গেছে। অপরদিকে মাসুদ পোল্ট্রি ফিড ব্যবসায়ী মাসুদ বুলবুল জানান, তার অধীনে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় তিন শতাধিক পোল্ট্রি খামারি রয়েছেন। 


এসব খামারে তিনি ফিড এবং ঔষধ সরবরাহ করে থাকেন। খামারগুলোতে কক, ব্রয়লার ও লেয়ার মুরগি পালন করা হচ্ছে। তিনি আরো বলেন, এরই মধ্যে প্রায় শতাধিক খামারে অধীকাংশ মুরগি মরে গেছে। একদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বাজারে মুরগির চাহিদা কমে যাওয়া। 

অপরদিকে রোগ আক্রান্ত হয়ে খামারে মুরগি মরে যাচ্ছে। সব মিলে লোকসান দিয়ে অনেকেই স্বর্বশান্ত হয়ে পড়েছেন। এতে খামারিদের মোটা অংকের টাকা ক্ষতি হয়েছে। উচিৎপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দাসিরদিয়া এলাকার খামারি সাইফুল ইসলাম বলেন, আমার খামারে ২৬ দিন বয়সি ১ হাজার পিস ব্রয়লার মুরগি দুই দিনের ব্যবধানে মরে গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।


তিনি আরো বলেন, একই অবস্থা এই এলাকার আরো অনেক খামারে। বেকারত্ব গুচাতে তারা খামার করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে এখন দিশেহারা। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের (এআইটি) মাসকুর রহমান বলেন, আমরা এলাকায় গিয়ে খামারিদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে। 


তবে রোগ আক্রান্ত হয়ে এরই মধ্যে অনেক খামারে ব্যাপক ক্ষতি হয়েছে। আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. আবু কাউসার বলেন, ‘মুরগির রোগবালাই দমনের ক্ষেত্রে খামারিদের সঠিক পরামর্শ আমরা দিয়ে যাচ্ছি।’ 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন