স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : লবণের বস্তার মধ্যে অভিনব কায়দায় ইয়াবা লুকিয়ে কাভার্ড ভ্যানযোগে পাচার কালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের সানার পাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৫৯ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ জব্দ করা হয় কাভার্ড ভ্যানটি।
গ্রেপ্তারকৃতরা হলো-পাবনা জেলার বেড়া থানার কাজিরহাট এলাকার মৃত মিনহাজ উদ্দিনের ছেলে মো. জিয়া বেপারী (৪০) এবং কুমিল্লা জেলার মুরাদনগর থানার নিয়াপুত এলাকার মো. মোহন মিয়ার ছেলে মো. মুন্না @ আলাউদ্দিন (২২)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার। তিনি জানান, কুমিল্লা থেকে অনুসরণ করে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে সানারপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং লবণের বস্তার ভিতর লুকিয়ে অভিনব কায়দায় কাভার্ড ভ্যানযোগে ইয়াবা পাচারকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে সর্বমোট ৫৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে কক্সবাজারের টেকনাফ থেকে কাভার্ড ভ্যানে লবণের বস্তার ভিতর অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিল। এছাড়াও তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে কৌশলে ইয়াবা আনয়ন করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। তাদের একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা।
মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যার।


