বন্দর প্রতিনিধি : বন্দর উপজেলার এক যুবলীগ নেতার ১২শ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গোডাউনটিতে চাল মজুদ করেছেন মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ ভূইয়া।
বুধবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে বন্দরের মদনপুরের কেওঢালা এলাকার হায়দার নিট কম্পোজিটের গোডাউনে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।
বন্দর থানা পুিলশের পরিদর্শক(তদন্ত)আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, গোডাউনে চাল মজুদের বিষয়টি গোপন সূত্রে অবগত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালান। অভিযানে গোডাউনের ১২শ বস্তা চালের মালিক যুবলীগ নেতা জাবেদ ভূইয়ার কাছে চালের কাগজ দেখতে চাইলে তিনি দেখাতে পারেনি। পরবর্তীতে গোডাউন সিলগালা করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার বলেন, গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে গোডাউনটিতে অভিযান চালানো হয়েছে।
গোডাউন থেকে ১২শ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গোডাউনের লোকজন জানিয়েছে, এই চাল তারা ত্রাণ দেওয়ার উদ্দেশে মজুদ করেছে। মালিকের সাথে ফোনে কথা হলে তিনিও একই দাবি করেন। আপাতত চালগুলো জব্দ করেছি এবং গোডাউন সিলগালা করে দিয়েছে। সকালে কাগজপত্র দেখিয়ে বিষয়টি প্রমাণ করতে পারলে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


