Logo
Logo
×

নগরের বাইরে

শরীফ হত্যার মূল নায়ক ‘ঘাতক’ বড় শাকিল ও লালন গ্রেফতার

Icon

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ০২:০৮ পিএম

শরীফ হত্যার মূল নায়ক ‘ঘাতক’ বড় শাকিল ও লালন গ্রেফতার
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : এবার ব্যবসায়ী যুবক শরীফ হত্যার মূল নায়ক শেখ মো. শাকিল ওরফে বড় শাকিলসহ আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ এপ্রিল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার পশ্চিম দেওভোগ এলাকা থেকে ফতুল্লা মডেল থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে শরীফ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহাদাত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গ্রেফতার দুজনকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

গ্রেফতার শেখ মো. শাকিল ওরফে বড় শাকিল (৩০) পশ্চিম দেওভোগ আদর্শনগর এলাকার নূর মসজিদ সংলগ্ন আব্দুল হালিম শেখের ছেলে। অপরজন একই এলাকার সাহাবুদ্দিনের ছেলে মো. লালন (৩০)।


পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ঘটনার পর থেকেই তারা দুজন পলাতক ছিলেন। বিভিন্ন তথ্য প্রযুক্তির ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত শেষে রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করি।

 

তথ্য প্রমাণ ও অনুসন্ধানসহ পূর্বে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি প্রতীয়মান যে, বড় শাকিলের নির্দেশে এবং তার উপস্থিতিতেই শাকিল হোসেন ওরফে ছোট শাকিল ব্যবসায়ী শরীফকে কুপিয়ে হত্যা করে। তাদের দুজনকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, এ নিয়ে শরীফ হত্যায় চার দফায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

যার মধ্যে এজাহার নামীয় ৯ জন এবং সন্দিগ্ধ ৮ জন। গ্রেফতার তিনজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে। এর আগে ৩ এপ্রিল একই মামলায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হন্তারক আদর্শনগর এলাকার ইসমাইল, রাসেল, মুন্নার বাড়ির নিচতলার ভাড়াটিয়া ওসমান ওরফে জীবন, বাড়ৈভোগ মসজিদ সংলগ্ন সূর্য বেগমের ভাড়াটিয়া সোহাগ, দেওভোগ নূর মসজিদ সংলগ্ন রকি, একই এলাকার জালাল মোল্লার ভাড়াটিয়া রাসেল, বাহ উদ্দিন মিয়ার ভাড়াটিয়া মেহেদী হাসান, ৬২ নং আদর্শনগর এলাকার মিলন হোসেন এবং ময়না কমিশনারের ভাড়াটিয়া কমল মিয়া।


এছাড়াও ১৬ এপ্রিল ভোরের দিকে র‌্যাব-১১ অভিযান চালিয়ে একই মামলার মূলহোত পশ্চিম দেওভোগ (আদর্শনগর) এলাকার বাদশাহ মিয়ার ছেলে লিমন ওরফে রিমন এবং একই এলাকার আনোয়ার মিয়ার ছেলে সম্রাটকে গ্রেফতার করে ফতুল্লা থানা সোপর্দ করে।


পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহাদাত হোসেন আরও বলেন, গ্রেফতারদের মধ্যে মূলহোতা লিমন ওরফে রিমন, ইসমাইল ও রাসেল আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।


প্রসঙ্গত, এক এপ্রিল সকাল সাড়ে ১০ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে আদর্শনগর আল আফাসা জামে মসজিদের দক্ষিণে শ্যামলের গ্যারেজের গেটের সামনে ব্যবসায়ী শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। এদিন সন্ধ্যায় নিহতের পিতা আলাল মাতবর এ ঘটনায় বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

মামলা দায়েরের পরদিনই পুলিশ অভিযান চালিয়ে সিসি টিভির ফুটেজ থেকে চিহ্নিত করে দুজন এজাহারনামীয় আসামীসহ ৯ জনকে গ্রেফতার করে। এরমধ্যে তিনজন হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন