লোকারণ্য কাইকারটেক হাট
করোনা নিয়ে ক্রেতা-বিক্রেতার নেই পরোয়া
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ০৪:৫৯ পিএম
স্টাফ রিপোর্টার : কোভিড-১৯ এর ভয়ে সারা বিশ^ স্থবির। প্রতিদিনই যেখানে বেড়ে চলছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশের অর্থনৈতিক সংকটের কথা জেনেও যেখানে জনগণকে হোম কোয়ারেন্টাইনে থাকতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। যেখানে ধর্মীয় অনুষ্ঠানগুলি সংকোচনসহ পার্টি ও লোক সমাগমের সকল আয়োজনে সতর্ক করেছে প্রশাসন।
সেখানে এই সকল সতর্কতাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে হাজার হাজার মানুষের সমাগম হচ্ছে সোনারগাঁ উপজেলার কাইকারটেক হাটে। হাটের পাশে অটো ইজিবাইক, রিক্সা ও সিএনজি’র বিরাট লাইন দেখে মনে হয়নি ঐ এলাকার মানুষ করোনা নামের কোন ভাইরাসের অস্তিত্বের কথা জানে। অথবা করোনা ভাইরাসের বিস্তার রোধে কোন সতর্কতা অবলম্বনের কথা তারা জানে।
বন্দর ও সোনারগাঁ উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। আর এই ব্রহ্মপুত্র নদের কোল ঘেঁষে কাইকারটেক ব্রিজের পাশে এই হাটের অবস্থান। সরকার সকল প্রকার লোক সমাগমের উপর নিষেধাজ্ঞাসহ হাটবাজারগুলোকে একটি নির্দিষ্ট নিয়মে ও নির্দিষ্ট সময়ে বেধে দিয়েছে। কিন্তু সেখানে নেই কোন সময় বা নিয়ম বা সতর্কতার বালাই।
সেখানে হাজার হাজার মানুষের সমাগমে মাস্ক বিহীন লোকেরও অভাব ছিলনা। সবচেয়ে দু:খজনক বিষয় হলো কিশোর ও তরুণদের অসচেতনতা। এই হাটকে কেন্দ্র করে সংঘটিত মিলন মেলা ও আনন্দঘন উৎসব যেন কোন অশুভ বার্তার ইঙ্গিত।
সেখানে সত্তোর্ধ¦ এক বৃদ্ধকে দেখা গেল বাজারের ব্যাগ নিয়ে হাট থেকে ফিরছেন। কথা বলে জানাগেল বৃদ্ধের নাম আমলেক হোসেন। পাশের গ্রাম আলাপদিতে তার বাড়ি। হেঁটে ১০ মিনিটের রাস্তা, তাই রিক্সা নিয়ে বাড়তি টাকা খরচ করতে রাজি নন তিনি।
তিনি বলেন, ‘করোনা কন আর যাই কন, রোগ বালাই মানুষের থাকবোই। তাই বইল্লা কি, রাস্তা ঘাটে বের হমু না ? সাপ্তায় একদিন কি বাজারে যামু না ? ঘরে বইয়া থাকলে কি আর রোগ হইবো না ?’
হাট থেকে একটু দূরে ব্রিজের ঢালের তিন রাস্তার মোড়ে দাড়ানো শরীফ হোসেন নামের এক হাইস্কুলের শিক্ষক হাতে ক্যামেরা দেখে জিজ্ঞেস করলেন, ‘ভাই কি সাংবাদিক ? এই সব ব্যাপারে কিছু লেখেন ভাই। এখানে আমার খুব একটা আসা পরেনা। কিন্তু ভেবেছি প্রশাসনের চাপে লোকজন কম থাকবে তাই রমজান উপলক্ষে কিছু সদাই কিনার জন্য হাটে এসেছিলাম।
কিন্তু এখন কিছু না কিনেই ফিরে যাচ্ছি। এত লোকের ভিড়ে ভিতরে প্রবেশ করতে সাহস পেলাম না। আর উঠতি বয়সি যুবকগুলো মাস্ক ছাড়া রিক্সা করে এবং অটো ইজিবাইকে করে যেভাবে দল বেধে ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে তারা একটি উৎসবের আনন্দ উপভোগ করছে।’
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, হাট কমিটির লোকজনকে এ ব্যাপারে সাবধান করা হয়েছে। তারা যাতে সামনে এ রকম বেপরোয়া ভাবে বসতে না পারে সে বিষয়ে আমরা খেয়াল রাখবো।


