Logo
Logo
×

নগরের বাইরে

মাউরাপট্টি জামে মসজিদে প্রতি ওয়াক্তে ৩ শতাধিক মুসল্লির জামাত !

Icon

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ০৩:৫৪ পিএম

মাউরাপট্টি জামে মসজিদে প্রতি ওয়াক্তে ৩ শতাধিক মুসল্লির জামাত !
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : নারায়ণগঞ্জ শহরে এমন মসজিদের সন্ধান মিলেছে যেখানে করোনা ভাইরাসের তোয়াক্কা না করে প্রতি ওয়াক্তে তিন থেকে চারশত মুসল্লি একসাথে জামায়াতে দাঁড়িয়ে নামাজ আদায় করছে।  প্রশাসনেরও চোখ পড়েনি এখানে। অথচ মসজিদটি পুলিশ সুপারের কার্যালয় থেকে খুব বেশি দূরে নয়। 


সেই মসজিদটি হচ্ছে চাষাড়া চাঁনমারী মাউরাপট্টি এলাকার ‘মাউরাপট্টি জামে মসজিদ’। বৈশি^ক মহামারি করোনাইভাইরাসের হটস্পট হিসেবে ঘোষনা করা হয়েছে নারায়ণগঞ্জকে। 


মৃতের ও সংক্রমনের অবস্থা বিবেচনা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নারায়ণগঞ্জকে সম্পূর্ণ লকডাউন হিসেবে ঘোষণা করেছে। ইতিমধ্যে সেই ঘোষণা অনুযায়ী নারায়ণগঞ্জের সকল প্রকার ধর্মীয় প্রতিষ্ঠান ও প্রার্থণালয় বন্ধ করা হয়েছে। 


কিন্তু সরকারের সেই নির্দেশনাকে অমান্য করে চাঁনমারী মাউরাপট্টি এলাকার মাউরা দাউদের নেতৃত্বে মাউরাপট্টি জামে মসজিদে শত শত লোক একত্রে নামাজ আদায় করার ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে আশপাশ এলাকাগুলোতে।


খোজ নিয়ে জানা গেছে, করোনাভাইরাসের প্রকোপ রোধে দেশের প্রথম জেলা হিসেবে গত ৮ এপ্রিল নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। এমন প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দারা নিজ নিজ বাসায় পবিত্র শবে বরাতের নামাজ আদায় করলেও চাঁনমারী মাউরাট্টির অবস্থা ছিলো সম্পূর্ণ ভিন্ন। এই এলাকার বাসিন্দারা মাউরা দাউদের নেতৃত্বে মাউরাপট্টি জামে মসজিদে নামাজ আদায় করেছে।


স্থানীয়দের দাবী মাউরা দাউদ ও তার বাহিনী মাউরাপট্টি জামে মসজিদ সর্বক্ষন খোলা রেখেছে। এই ক্ষেত্রে বর্তমান মসজিদের কমিটির কোন সিদ্ধান্তই তারা জানার চেষ্টা করেনি বলে একটি সূত্র নিশ্চিত  করেছে। 


সেই সূত্রে জানা গেছে, মাউরা দাউদ স্থানীয়দের মাঝে দাম্ভিকতার সুরে বলেছেন, পুলিশ প্রশাসন সে দেখবে। নামাজ আদায় করার জন্য কেউ বাধা প্রদান করলে তিনি তার বাহিনীর অন্যান্য সদস্য দ্বারা সেই বাধা প্রতিহত করবেন।


বিষয়টি নিয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, গতকাল তারাবী নামাজের সময় পুলিশের পেট্রলিং পরিচালনা করা একটি দল মসজিদটি বন্ধ করে দিয়েছে। 


তবে পুনরায় যদি মসজিদটি খোলা হয় সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু গতকাল রোববার যোহরের নামাজের সময় সেই মসজিদে একই চিত্র লক্ষ্য করা গেছে। যোহরের ওয়াক্তেও মুসল্লিদের ভিড় ছিল। 


বিশিষ্টজনদের দাবী, যেখানে দেশের ইসলামী ফাউন্ডেশন থেকে শুরু করে বড় বড় স্কলারগণ বর্তমান প্রেক্ষাপটে ধর্মীয় প্রার্থনা নিজ নিজ বাসায় পালন করার জন্য অনুরোধ করে আসছেন। ইতিমধ্যে মুসলিম বিশে^র উমরা হজ্জও সাময়িক ভাবে বন্ধ রয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে পবিত্র কাবা ঘর। এমন অস্থায় কিছু মাউরাপট্টি এলাকায় শত শত লোক একত্রে নামাজ আদায় করার ঘটনাটি অবশ্যই চিন্তার বিষয়। 


তাদের মতে, নামাজরত অবস্থায় সেখানে যদি কোন করোনারোগী উপস্থিত থেকে থাকে তাহলে অত্র এলাকায় অবস্থা খুবই সংকটে রয়েছে। প্রশাসনের উচিত যার নেতৃত্বে এমন কান্ড পরিচালনা করা হয়েছে সেই দাউদের ও তার সঙ্গীয় বাহীনির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা।


নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় এক বাসিন্দা জানান, মাউরা দাউদ ও তার বাহিনীর সদস্যরা খুবই বিপদজনক অবস্থায় চলাচল করে। তারা সন্ত্রাসী প্রকৃতির মানুষ। 


তাদের মতের বিরুদ্ধে গেলেই দাউদ সহ তার ছেলে ও বাহিনীর সদস্যরা মানুষের উপর অতর্কিত হামলা করে। তার অভিযোগ অনেক সময় পুলিশ সদস্যরাও এই মাউরা দাউদকে বস বলে সংবর্ধনা করে যার ন্যায় মানুষ তাদেরকে ভয় পায়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন