তুষার আহমে (যুগের চিন্তা ২৪) : পরপর দু’দিনের ভারি বর্ষণে ফতুল্লার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ফতুল্লার লালপুর, কোতালেরবাগ, সস্তাপুর, ইসদাইর, দক্ষিণ সেহাচর, লালখা, পূর্ব সেহাচর, ইয়াদ আলী মসজিদ রোড, তক্কারমাঠ, পিলকুনী ও দাপা ইদ্রাকপুরসহ আশপাশের এলাকায় এ চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, সংস্কারের অভাবে এসব এলাকার সরু গলিসহ মূল সড়কে অবস্থিত বাসা-বাড়ির পয়নিষ্কাশনের ড্রেনগুলো আবর্জনায় আটকে গেছে। ফলে বৃষ্টির পানি মূল ড্রেনে যেতে না পেরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। একই সাথে রাস্তায় জমে থাকা পানির উচ্চতা বেড়ে আবর্জনাসহ তা ঘরের ভিতরে প্রবেশ করছে। এতে করে মারাত্মক সাস্থ্য ঝুঁকিতে রয়েছে এসব অঞ্চলের মানুষগুলো।
ভুক্তভোগী এলাকাবাসী অভিযোগ করে বলছেন, বৃষ্টির মৌসুম শুরুর আগে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি বা বাড়িওয়ালারা ড্রেন সংস্কার ও পরিষ্কারে অবহেলা করায় আজ এ ভোগান্তি দেখা দিয়েছে। মৌসুমের শুরুতেই এই দশা হলে আগামীতে কী পরিণতি অপেক্ষা করছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এমনিতেই এখানকার মানুষ করোনা আতঙ্ক নিয়ে সাস্থ্য ঝুঁকিতে রয়েছে। তার উপর বৃষ্টির পানিতে মেশা ড্রেনের দূষিত পানি ঘরে প্রবেশ করায় সেই আতঙ্ক বেড়ে গেছে বহুগুণে।
এ বিষয়ে সেহাচর এলাকার গৃহিনী পারুল বেগম জানান, বৃষ্টির পানির সাথে মলমূত্র ও শিল্প-কারখানার কেমিক্যালযুক্ত বিষাক্ত পানি মিশে রাস্তা তলিয়ে ঘরে প্রবেশ করেছে। রান্না ঘরেও পানি। শিশু সন্তানদের নিয়ে চরম ভোগান্তিতে রয়েছি। সব কাজেই সমস্যা হচ্ছে। এভাবে থাকা যায়না। মাত্র দু’দিনের বৃষ্টিতেই এই অবস্থা হলে আগামীতে মনে হয় ঘরেই থাকা যাবে না।
লালপুর এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলাম শুভ ক্ষোভ প্রকাশ করে বলেন, সামান্য বৃষ্টি হলে আমাদের এই এলাকার রাস্তাগুলো খালে পরিণত হয়। পানিতে মলমূত্রসহ কীট-পতঙ্গ ভাসছে। সেগুলো ঘরে প্রবেশ করছে। প্রতিবছরই আমরা এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। কিন্তু কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না কেউ।’
তিনি বলেন, শুধু বৃষ্টির মৌসুমেই নয়, এবছর শীত মৌসুমেও আমরা পানিবন্দী ছিলাম। কোতালেরবাগ এলাকায় পানি নিষ্কাশনের জন্য পাম্প থাকলেও নানা কারণে দীর্ঘদিন তা অকেজো ছিলো। পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশ্য ব্যবস্থা নেয়া হয়েছিল। কিন্তু বৃষ্টির মৌসুম শুরু হতেই সেই পুরনো চিত্র দেখা দিয়েছে। এই এলাকা এতো অবহেলিত কেন? অথচ এখানেই চেয়ারম্যান স্ব-পরিবারে বসবাস করছে।
এদিকে সরেজমিনে দেখা যায়, ফতুল্লা ইউনিয়ন পরিষদ ঘেষা দাপা ইদ্রাকপুর এলাকায় সাংসদ সেলিম ওসমানের শিল্পপ্রতিষ্ঠান উইজডম এ্যাটায়ার্স সংলগ্ন সড়কের অবস্থা আরো বেগতিক। খানাখন্দে ভড়া এই সড়কটিও তলিয়েছে বৃষ্টির পানিতে। এতে করে ভোগান্তি বেড়েছে এলাকাবাসীর। অথচ এই সড়কটি দিয়েই সাংসদ সেলিম ওসমানের প্রতিষ্ঠানের মালামাল শিপমেন্ট হয়ে থাকে। আর তিনি নিজেও এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। এরপরও এই বেহাল সড়কটির কোন উন্নতি নেই।
স্থানীয় অনেকেই বলছেন, এটি তার নির্বাচনী এলাকা না হওয়ায় তিনি এই সড়ক নিয়ে মাথা ঘামাচ্ছেন না। তা না হলে, এটা তার ছোট ভাই শামীম ওসমানেরই আসন। তিনি চাইলেই যেকোন উপায়ে এই সড়কটি মেরামতের ব্যবস্থা করতে পারেন। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই এমপি সেলিম ওসমানের।
এদিকে, লকডাউনের কারণে এমনিতে এই সড়কে মানুষের চলাচল তুলনামূলক কম। তবে, বিশেষ প্রয়োজনে এই সড়কে যাতায়াত করতে গেলেও চড়ম ভোগান্তিতে পড়তে হচ্ছে। একেতো সড়কটির বেহাল দশা, তার উপর বৃষ্টির পানি জমে থাকায় এখন ব্যাটারিচালিত রিক্সা বা ইজিবাইক চালকরাও সড়কটি এড়িয়ে চলছেন। আবার কোন কোন রিক্সা চালক যেতে রাজি হলেও যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া দাবি করছেন। এতে নানাভাবে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষেরা।
তবে মৌসুমের শুরুর বৃষ্টিতেই এই পরিণতি হওয়ায় চিন্তার ভাজ পড়েছে ডিএনডিবাসীর কপালে। তাই দ্রুত সময়ের মধ্যে ডিএনডি প্রকল্প বাস্তবায়নসহ স্থানীয় জনপ্রতিনিধিদেরকে এলাকার ড্রেনগুলো পরিষ্কারের জন্য তাগিদ দিচ্ছেন এসব এলাকার বাসিন্দারা।
এ ব্যাপারে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।


