করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিদ্ধিরগঞ্জে ১ জনের মৃত্যু
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ০৪:৩৫ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে করোনাভাইরাসে রমিজউদ্দিন নামে এক ৭০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রমিজউদ্দিন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কদমতলী এলাকার বাসিন্দা ছিলেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে সাজেদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরো জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী স্থানীয় কবরস্থানে রমিজউদ্দিনের মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।
সাজেদা হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. ওবায়দুল্লাহ বলেন, গতকাল সোমবার রমিজ উদ্দিনকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা ভালো ছিল না। আজ সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী নারায়ণগঞ্জে সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্যকর্মকর্তাসহ একাধিক চিকিৎসক ও ৫ প্রশাসনিক কর্মকর্তাসহ করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ৪২১ জন। এর মধ্যে এক সরকারী কর্মকর্তাসহ মারা গেছে ৩৪ জন।


