না’গঞ্জ থেকে কিশোরগঞ্জ পালিয়ে যাওয়ার পথে রূপগঞ্জে ৭০ জন আটক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ০২:০১ পিএম
ফাইল ছবি।
যুগের চিন্তা রিপোর্ট : ধান কাটার নামে লকডাউন অমান্য করে রাতের আঁধারে নারায়ণগঞ্জ জেলা থেকে পালিয়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে ৭০ নারী পুরুষকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। সোমবার দিনগত রাত এগারোটায় রূপগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া এলাকায় দুইটি ট্রাক থেকে তাদের আটক করে পুলিশ বুঝিয়ে যার যার বাড়িতে পাঠিয়ে দেয়।
বিষয়টি নিশ্চিত করে এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মো: জায়েদুল আলম জানিয়েছেন, ফতুল্লার পাগলা এলাকা থেকে একজন কাউন্সিলরের সুপারিশ করা একটি পেপার নিয়ে দুইটি ট্রাকে করে ৭০ জন নারী পুরুষ জেলা থেকে পালিয়ে যাওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া এলাকায় পুলিশ তাদের আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ধান কাটার জন্য কিশোরগঞ্জসহ অন্যান্য এলাকায় যাচ্ছে জানায়।
পুলিশ সুপার আরো জানান, তাদের জিজ্ঞাসাবাদ করে ধান কাটতে যাওয়ার বিষয়টি যাচাই করে এর সত্যতা পাওয়া না গেলে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। রাতে জেলা থেকে শ্রমজীবি মানুষের বহির্গমনের বিষয়টি নজরদারিসহ লকডাউন পরিস্থিতি নিয়ন্ত্রন করতে আইনশৃংখলাবাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
এদিকে নারায়ণগঞ্জের লকডাউনের ১৪ তম দিনেও সামাজিক দূরত্ব না মেনে শহরে জনসমাগম এবং স্বাভাবিকভাবে ছোট বড় বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা গেছে। কোথাও সামাজিক দুরত্ব বজায় রাখা হচ্ছে না। নানা অজুহাতে এখনো মানুষ বাইরে ঘোরাফেরা করছেন। তবে ২০ টি চেকপোস্টে পুলিশ পথচারিসহ যানবাহন চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছেন। পাশাপাশি টহল অব্যাহত রেখেছেন সেনাবাহিনী ও র্যাব।
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে করোনায় আরো তিনজনের মৃত্যু ও দশজন নতুন করে আক্রান্ত হয়েছেন। আইইডিসিআরের পাঠানো রিপোর্টের ভিত্তিতে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এই নিয়ে নারায়ণগঞ্জে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪২১ জন।
প্রসঙ্গত, গত এক সপ্তাহে করোনা ভাইরাস আতঙ্ক ও খাদ্য সংকটের অভিযোগ করে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যাওয়ার সময় শিশুসন্তানসহ প্রায় ২ হাজার জনকে আটক করেছে পুলিশ। এর আগে শনিবার ( ১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার তক্কার মাঠ এলাকা থেকে ট্রাকের করে সুনামগঞ্জ যাওয়ার পথে ৪৬ জনকে আটক করে পুলিশ। ১৭ এপ্রিল রাতে ফতুল্লার পঞ্চবটি এলাকা, মুসলিমনগর এলাকা কিশোরগঞ্জ রওনা হওয়ার সময় ৫টি ট্রাকসহ ২০০জন গার্মেন্টকর্মী, ১৫ এপ্রিল ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ১২০জন, ১৪ এপ্রিল রাতে ফতুল্লায় বিভিন্ন স্থান থেকে পালিয়ে যাওয়ার সময় পিকআপ ১টি ট্রাক ও ১টি বাল্কহেডসহ ৪ শতাধিক নারী-পুরুষকে আটকসহ মাত্র ১১ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ৫ শতাধিক মানুষ আটক করা হয়।


