Logo
Logo
×

নগরের বাইরে

নিস্তব্ধ বুড়িগঙ্গার মাঝিরা, খোঁজ নেই ফতুল্লা ঘাটের ইজারাদারদের!

Icon

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ০৯:৩৩ পিএম

নিস্তব্ধ বুড়িগঙ্গার মাঝিরা, খোঁজ নেই ফতুল্লা ঘাটের ইজারাদারদের!
Swapno

তুষার আহমেদ (যুগের চিন্তা ২৪) : করোনাভাইরাসের ব্যাপক প্রভাব পড়েছে নদী বন্দর গুলোতে। বিশেষ করে নারায়ণগঞ্জের ফতুল্লায় চরম সংকটে দিনাতিপাত করছে মাঝি-মাল্লারা।

 

দীর্ঘ প্রায় একমাস কর্মহীন থাকায় খাদ্য সংকটে পড়েছে ফতুল্লা গুদারাঘাটের অন্তত দেড় শতাধিক মাঝি ও তাদের পরিবার। অভাবের কালো মেঘে নিমজ্জিত করুন মুখ গুলো তাই হয়ে উঠেছে আরো মলিন। যেন এর ছোয়া পড়েছে বুড়িগঙ্গার বুকেও! 

 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে সরেজমিনে দেখা যায় এমন হৃদয়স্পর্শী এক চিত্র। দেখা মেলে অচেনা এক বুড়িগঙ্গার। যেন যৌবন হারিয়ে নামের যথার্থতাই তুলে ধরতে চাইছে নিরবে! তাইতো বুড়িগঙ্গা আজ নিস্তব্ধ। নেই মন মাতানো কলতানও। মালবাহি জাহাজ ও যাত্রীবাহি লঞ্চ-ট্রলারের চিরচেনা সেই ঠক ঠক শব্দও আজ ভেষে আসছে না কানে। যেন শ্রোত থেমে গেছে বুড়িগঙ্গার ! 

 

তা হবেই না কেন? এই বুড়িগঙ্গার বুক চিরে এপার ওপার দাপিয়ে বেড়ানো সেই মাঝি-মাল্লারাইতো আজ নিস্তব্ধ। তাই হয়তো বুড়িগঙ্গার মন খারাপ ! 

 

এদিন দেখা যায়, গুদারা ঘাটে সারি বেঁধে দাঁড়িয়ে আছে বেশ কিছু ট্রলার ও নৌকা। লকডাউন থাকায় যাত্রী নেই। ওপারেও একই চিত্র। এপাড়ে সাড়ি বাধা ফাঁকা নৌকা গুলোর পাশে অবশ্য দেখা মিলল কয়েকজন মাঝির। লকডাউনে কেমন আছেন আপনারা ?

 

প্রশ্ন করতেই হতাশার দীর্ঘ নিশ^াস টেনে একজন বললেন, ‘ঘরে চাইল-ডাইল নাই। আমগো খবর কেডায় লয়?’ ইনি ইউসুফ মিয়া (৫৬)। শারীরিক প্রতিবন্ধি (দু’পা নেই) এই ব্যক্তি দীর্ঘ ৪০ বছর ধরে বুড়িগঙ্গায় নৌকা ও ট্রলার চালিয়ে আসছেন। 

 

আরো কিছু সময় কথোপকথোন হয় এই প্রবীন মাঝির সাথে। হতাশা প্রকাশ করে তিনি বলেন- ‘গত একমাস ধইরা কাম কাইজ নাই। করোনার লাইগ্যা যাত্রীও নাই। তাই ইজারাদাররা ঘাড বন্ধ কইরা রাখছে। আমার ৪০ বছরের অভিজ্ঞতায় এমন চিত্র জীবনেও দেহি নাই। আল্লায় কি রোগ যে দিলো!’

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন- ‘আমগো এই ঘাডে ১৫০ জন মাঝি আছে। সবার একি অবস্থা। ঘরে খাওন নাই। মনে হইতাছে যে, ওপার (কেরানীগঞ্জ) যাওয়া ভুইলা গেছি। যাত্রীই নাই, যামুই ক্যান? মাঝে মইধ্যে গেলেও ওই পাড়ে ভীরতেই দেয় না।’

 

তিনি আরো বলেন- ‘করোনার আগে প্রত্যেক দিন না হইলেও ৫০০-৬০০ টাকা কইরা কামাইতে পারছি। তেল আর বোট খরচ বাদে যা থাকতো তা দিয়া সংসার চলতো। কিন্তু এহনতো কাম নাই। ভোর বেলা ওই পারের (কেরানীগঞ্জ) কিছু মানুষ বাজারের লাইগা এই পারে আহে। কিন্তু আমরা হেগোরে লইয়া গেলে ওই পাড়ের মাইনষে আমগোরে মাইর ধইর করে। ভিরতে দেয় না। কয় আমগো এই পাড়ে (ফতুল্লায়) বলে করোনায় বাসা বানছে!  

 

দুঃখ প্রকাশ করে ইউসুফ মিয়া আরো বলেন- ‘আমি ফতুল্লার লালপুরে থাহি। বউ-পোলাপাইন লইয়া পরিবারে ৪ জন। ঘরে যা টাকা আছিলো, হেগুলা দিয়া এতো দিন চলছি। এহনতো টাকা-পয়সা নাই।

 

ঘরে চাইল-ডাইলো ফুরাইছে। খবরে দেহি যে, চেয়ারম্যান আর নেতারা গরিব মাইনষেরে কতভাবে সহযোগিতা করে। কিন্তু আমগো লালপুরে কোন খবর নাই। কেউ কেউ পাইলেও তাগোর পরিচিত লোক আছে। আমারতো কেউ নাই, তাই পাইয়ো নাই।’ 

 

তবে, ফতুল্লা গুদারাঘাটে মাঝিদের শ্রমিক সংগঠনের সভাপতি সবুজ মিয়ার পক্ষ থেকে কিছু চাউল ও আটা দেয়া হয়েছিল মাঝিদের। কিন্তু এমন দুর্দিনে এই অসহায় মাঝিদের পাশে দাঁড়ায়নি ঘাটের ইজারাদাররা। কোন খোঁজ খবরও নেয়নি কেউ। অথচ এই মাঝি-মাল্লাদের কাধে ভর করেই সচল ছিলো ফতুল্লার গুদারা ঘাটটি।

 

এবিষয়ে মাঝিদের সংগঠনের সভাপতি সবুজ মিয়া বলেন, ‘প্রায় ১ মাস ধরে লকডাউনের আওতায় থাকলেও গত ১২ দিন যাবত সবকিছু পুরোপুরি বন্ধ রয়েছে। ওপাড়ের কেউ এপাড়ে আসলে সমস্যা নেই, কিন্তু এই পাড়ের কোন ট্রলার ওই পাড়ে গেলেই তারা মারধর করছে। বলছে, ফতুল্লার মানুষতো বটেই, কোন ট্রলারও এই পাড়ে আসতে পারবে না।

 

এমন অবস্থায় আমার মাঝিরা কর্মহীন হয়ে থাকলেও ফতুল্লা গুদারা ঘাটের ইজাদাররা কোন ব্যবস্থাই নিচ্ছেন না। অসহায় মাঝিদের কোন ভাবে সহায়তাও করেনি। আমি নিজের পক্ষ থেকেই মাঝিদের চাউল-আটা বিতরণ করেছি।’

 

জানা গেছে, এবছর ফতুল্লা গুদারাঘাটের ইজারা জনৈক নুরু মিয়ার নামে এসে থাকলেও মূলত এর অংশিদার ও হর্তা-কর্তা হলেন- ফতুল্লা চৌধুরী বাড়ির ফারুক চৌধুরী, একই এলাকার মুন্না হক ও মেহেদী সহ আরো অনেকেই। তারা পার্টনারে রয়েছেন, ঘাটের তদারকি তারাই করে থাকেন। 

 

খোঁজ নিয়ে জানা গেছে, এরা প্রত্যেকেই আর্থিক ভাবে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি। কিন্তু নিজ ঘাটের মাঝিদের এই দুঃসময়ে যেন গাঁ ঢাকা দিয়েছেন সকলেই। 

 

এ বিষয়ে কথা হয় ঘাটের অন্যতম ইজারাদার ফরুক চৌধুরীর সাথে। তিনি বলেন- ‘এক মাস যাবৎ মাঝিদের কাজ কর্ম কম সেটা ঠিক, কিন্তু গত ১৫ দিন ধরে কাজ কর্ম একেবারেই নেই। সব কিছু বন্ধ রেখেছি।

 

গুদারা ঘাটও বন্ধ আবার ফতুল্লা ডিআইটি মাঠের মঙ্গলবারের হাটও বন্ধ। ঘাটের স্টাফ রয়েছে ২২জন। তাদের চালাতে হচ্ছে। অনেক লোকসানের মধ্যে আছি।’ 

 

এক প্রশ্নের জবাবে এই ইজারাদার বলেন, ‘ভাই আমার নিজের জানই চলে না, কারে কিভাবে দেখি ! এখন আমি দুরে আছি, এলাকায় নাই। যদি সামনা সামনি কারো সাথে দেখা হয় বা কেউ (মাঝি) যদি আসে, তাহলে তাগো কিছু দিয়া দিমুনে। ঘাটের আরো ইজারাদার আছে, ওই যে ছাত্র-লীগ নাকি যুবলীগ করে, তাদের সাথে কথা বলুক। আমি ঢাকায় আছি, লকডাউনে।’ 

 

অন্যান্য ইজারাদারদের ফোন নম্বর চাইলে তিনি ফোন নম্বর দিতে অস্বীকার করে বলেন- ‘আমার কাছে কারো নাম্বার নাই।’

 

একটি সূত্র বলছে, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরীফুল হক এই ঘাটের ইজারাসহ অন্যান্য কার্যক্রমে জড়িত আছেন। 

 

তবে, এ প্রসঙ্গে আবু মোঃ শরীফুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- ‘আমি এই ঘাটের ইজারা বা অন্যকোন কিছুর সাথে জড়িত নই। অবশ্য আমার আত্মীয়-স্বজনদের মধ্য থেকে কেউ কেউ ইজারায় জড়িত আছে। যেহেতু মাঝিদের পরিস্থিতি খারাপ যাচ্ছে, সেহেতু আমি মানবিক দিক বিবেচনা করে ইজারাদারদের বলব যেন মাঝিদের জন্য সাহায্যের ব্যবস্থা করা হয়।’

 

তবে, এমন পরিস্থিতিতে ওই কর্মহীন মাঝিদের ভবিষ্যৎ পরিনতি নিয়ে প্রশ্ন থেকেই যায়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন