তুষার আহমেদ (যুগের চিন্তা ২৪) : প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউন করা হয়েছে গোটা নারায়ণগঞ্জ। ভয়াবহ রূপ নেয়ায় দেশে সর্বপ্রথম এই জেলাকে আক্ষরিক অর্থে লকডাউন হিসেবে ঘোষনা দেয়া হলেও কার্যত লকডাউনের বালাই নেই নারায়ণগঞ্জে! গ্রামে-গঞ্জে অযথা মানুষের চলাফেরার পাশাপাশি বেড়েছে মাদক ব্যবসায়ীদের দৌড়ঝাঁপ।
এমনটা দেখা গেছে জেলার গুরুত্বপূর্ন অঞ্চল ফতুল্লার দেওভোগ, নাগবাড়ি, ভূইয়ারবাগ, আদর্শনগর, রেলস্টেশন, পুরাতন ক্যালিক্স স্কুল, খা-বাড়ি, খোঁজপাড়া, দক্ষিন সেহাচর, লালখা, উকিলবাড়ি, তক্কারমাঠ, শাহ-জাহান রোলিং মিলস, রেললাইন বটতলা, দাপা ইদ্রাকপুর, কুতুবপুর ও আশপাশের এলাকায়। এসব এলাকায় মানুষের আনাগোনা দেখে লকডাউন বোঝার উপায় নেই। এছাড়াও হাত বাড়ালেই মিলছে মাদক।
অনুসন্ধানে জানা যায়, এসব পাড়া-মহল্লাগুলোতে বেশিরভাগ স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করছে চিহ্নিত মাদক ব্যবসায়ী, মাদক সেবী ও কিশোরগ্যাং সদস্যদের। সড়কে মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রাখাকে কেন্দ্র করে লাঠি-সোটা নিয়ে আপত্তিকর ঘটনার জন্ম দিচ্ছে কথিত এই স্বেচ্ছাসেবীরা। অথচ স্থানীয়দের অভিযোগ, স্বেচ্ছাসেবীর অন্তরালে মূলত মাদক ব্যবসাসহ আধিপত্ত বিস্তার ও অন্যান্য অপকর্মে লিপ্ত হচ্ছে তারা।

সরেজমিনে দেখা যায়, লকডাউনের আওতায় থাকায় নারায়ণগঞ্জের শহুরে সড়ক গুলোতে বেশ সরব রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে কঠোর ভূমিকা পালন করছে ভ্রাম্যমান আদালতও। কিন্তু পাড়া-মহল্লায় এর উল্টো চিত্র বিরাজ করছে। রাতভর দোকানপাট খোলা ও দল বেধে চলাচল করে সামাজিক দুরত্বের বিধান ভঙ্গ করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত তাদারকি নেই পাড়া-মহল্লাগুলোতে।
ভ্রাম্যমান আদালতের তদারকিও লক্ষ করা যায়নি। ফলে আরো বেশি উদাসিনতা ও উশৃঙ্খল হয়ে উঠছে পাড়া-মহল্লার অসচেতন বাসিন্দারা। কোন ভাবেই ঘর মুখো হচ্ছেন না তারা। এমনকি অনেকে মাস্ক ও অন্যান্য সাধারণ সুরক্ষা সামগ্রী ব্যবহার ছাড়াই ঘর থেকে অযথা রাস্তায় বেড় হচ্ছেন। ফলে ছোয়াছে রোগ করোনার উচ্চ ঝুঁকি বিরাজ করছে এসব এলাকা গুলোতে।
পুলিশ বলছে, এতো বিশাল ঘণবসতির বিপুল সংখ্যক মানুষদের সার্বক্ষনিক নিয়ন্ত্রন করার জন্য পর্যাপ্ত লোকবল নেই জেলা পুলিশের। পুলিশ সাধ্যমত চেষ্টা চালালেও হয়তো তা পর্যাপ্ত হচ্ছে না। তাই প্রতিটি মানুষের নিজ থেকে সচেতন হওয়ার বিকল্প নেই।
এদিকে পাড়া-মহল্লায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত তদারকি না থাকায় নিজ নিজ এলাকায় মাদকদের স্বর্গরাজ্য বানিয়েছে মাদক ব্যবসায়ীরা। লকডাউনের বাহানায় এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ন রাস্তা ও অলিগলিতে বাশ দিয়ে আটকে রেখে সেখানে অবস্থান নিচ্ছেন মাদক ব্যবসায়ীরা।
এতে করে হঠাৎ পুলিশ অথবা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি বহর এসে থাকলেও নিরাপদস্থলে চলে যেতে সক্ষম হয় অপরাধিরা। ফলে তারা ধরা ছোয়ার বাইরে থেকে আরো বেপরোয়া হয়ে উঠছে। কেননা লকডাউনে নিরাপদেই চলছে এদের মাদক ব্যবসা। এমনটা জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।
অভিযোগ উঠেছে, লকডাউনের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে ফতুল্লার দেওভোগ হাড়ভাঙ্গার বাড়ি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রুবেল। সে ওই এলাকার তেল চোরা মানিক এর ভাতিজা বলে জানা গেছে। দেওভোগ হাড় ভাঙ্গা এলাকার বিকেএমইএ’র সাবেক পরিচালক মুরাদের বাড়ির গলিতে দিনে দুপুরে প্রকাশ্যে মাদক ব্যবসা করতে দেখা যায় অভিযুক্ত রুবেলকে।
ওই গলিতে মূলত রুবেল ও তার সহযোগিরা বাশের বেরিকেট দিয়ে লকডাউন লেখা ব্যানারও সাটিয়েছেন। আর নিজে মেতে উঠেছেন মাদক ব্যবসায়। এছাড়াও নাগবাড়ী ও শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে উশৃঙ্খল কিশোর এবং যুবকদের আড্ডাবাজীর পাশপাশি মাদকের ‘উন্মুক্ত বাজার’ বসানেরও অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী।
এ বিষয়ে শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকীর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এতো বিপুল সংখ্যক মানুষের তুলনায় জেলায় পুলিশ সদস্যের সংখ্যা অনেক কম। এতো অল্প সংখ্যক পুলিশ দিয়ে লাখ লাখ মানুষকে সার্বক্ষনিক কন্ট্রোলে রাখা সম্ভব হয়ে উঠেনা। তাই প্রত্যেককেই নিজ নিজ উদ্যোগে সচেতন হতে হবে। সামাজিক দুরত্ব বজায় ও লকডাউন মেনে চলতে হবে। নিজ উদ্যোগে সচেতন হওয়ার বিকল্প নেই।’
লকডাউনের অপ মাদক ব্যবসার বিষয়ে অবগত করা হলে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘সুনির্দিষ্ট কোন তথ্য থাকলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। মাদক ব্যবসায়ী বা অপরাধীরা যত কৌশলই অবলম্বন করুক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। তথ্য পেলে ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে, পাড়া মহল্লায় ভ্রাম্যমান আদালতের কার্যক্রমের বিষয়ে জানার লক্ষে শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক এর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করতে সক্ষম হয়নি। তাই তার বক্তব্য নেয়া যায়নি।


