স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনায় আক্রান্তের হটস্পট আখ্যা দিয়ে ৭ এপ্রিল লকডাউন করে দেয়া হয় পুরো নারায়ণগঞ্জ। কিন্তু এরপরেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর জন্য মানুষের অসচেতনতাই মূল দায়ী বলে মনে করেন বোদ্ধামহল। লক ডাউন ভেঙে অপ্রয়োজনে বাহিরে রাস্তায় ও চা দোকানের আশেপাশে ঘোরাফেরা করার অপরাধে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা ও পিরোজপুর ইউপির বটতলা বাজারে ৯ ব্যক্তিকে ৬১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া এক ব্যক্তিকে মাদক বিক্রির অপরাধে ৬ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়।
বুধবার সকালে সোনারগাঁ উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল মামুন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই সাজা দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল মামুন জানান, লক ডাউন অমান্য করে অপ্রয়োজনে ঘোরাফেরা ও আড্ডা দেয়ার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(২) ধারায় বটতলা ও মোগড়াপাড়া চৌরাস্তা বাজারে ৯ ব্যক্তিকে ৬১ হাজার জরিমানা করা হয়েছে। এছাড়া বাড়ি মজলিস এলাকার চাদোকান হতে গাঁজাসহ হাজী আমির উদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১)এর ২১ ধারায় ৬ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়।


