রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : হঠ্যাৎ করেই যেনো মাথা ন্যাড়া করার ধুম পড়ে গেছে রূপগঞ্জে। কিন্তু এর পক্ষে যুক্তি আসছে একেক জনের কাছে একেক রকম। তবে করোনার কারণেই যে এমনটা হচ্ছে এটা নিয়ে বিলকুল কোন সন্দেহ নেই।
মাথা ন্যাড়া করা এমন কয়েকজনের সঙ্গে কথা বলেও তেমন হিসেব মিলেছে। গত কয়েকদিনে কয়েক হাজার পুরুষ-তরুণ-কিশোর মাথা ন্যাড়া করে ফেলেছেন। বাদ যায়নি শিশুও। বেশ কয়েকজন নারীর ন্যাড়া হওয়ারও খবর রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন ধরেই হঠ্যাৎ রূপগঞ্জের বিভিন্ন এলাকায় মাথা ন্যাড়া করার ধুম পড়ে গেছে।
উপজেলার তারাব পৌরসভা, কাঞ্চন পৌরসভা, দাউদপুর ইউনিয়ন, কায়েতপাড় ইউনিয়ন, রূপগঞ্জ সদর ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নে এ চিত্র দেখা গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনার প্রভাবের কারণেই অনেকে মাথা ন্যাড়া করে ফেলেছে।
কেউ বলছেন সেলুন বন্ধ থাকার কারণে নিজের চুল নিজে কাটা সম্ভব নয় তাই একেবারে ন্যাড়া করে ফেলছেন। আবার কেউ বলছেন চুল বড় হলে সর্দি-ঠান্ডা লাগে। এ থেকে বাঁচতে মাথা ন্যাড়া করেছেন।
কেউবা বলছেন সেলুন থেকে চুল ফেলাতে গিয়ে ভয় বেশি। কারণ সেলুনের শান (কেচি}, ক্ষুর, চিরুণি বিভিন্ন জনের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
কথা হয় কাজীবাড়ি এলাকার তরুণ তৌকির আহম্মেদের সঙ্গে। তিনি বলেন, চুল বড় হলে মাথা ঘামে, পরে ঠান্ডা লাগে তাই মাথা ন্যাড়া করে ফেলেছি। নগরপাড়া এলাকার দশ বছর বয়সের আবিদ আহম্মেদ হা-মীম। মাথা ন্যাড়া করেছে।
জিজ্ঞেস করতেই বলে, সেলুন বন্ধ। চুল কাটুম কই। এর লেইগ্যা চুল ফালাইয়া দিছি। দাউদপুরের পলখান এলাকার ফজর আলী বলেন, কি আর করুম বাপ। চুল বড় অইয়া গেছে। সেলুন বন্ধ। হের লেইগ্যা চুল ফালাইয়া দিছি (ন্যাড়া}।
দেলপাড়া আবুল হোসেন বলেন, করোনার কারণে সেলুন বন্ধ। এখন চুল বড় হয়ে গেছে। চুল কাটবো কোথায়? তাই মাথা ন্যাড়া করে ফেলেছি। রিয়াজ আহম্মেদ রিগেল বলেন, করোনার কারণে সেলুনে চুল কাটা নিরাপদ না।
সেলুনের কেঁচি, ক্ষুর ও চিরুণি অনেকের ব্যবহার হয়। তাই মাথা ন্যাড়া করা। টাকাও বাঁচলো, নিরাপদও থাকলাম। শিউলী আক্তার নামে এক নারী মাথা ন্যাড়া করে ফেলেছেন।
জানতে চাওয়া হলে তিনি বলেন, গরমে মাথা ঘেমে যায়। তাই ঠান্ডা লাগার ভয়। এ কারণে চুল ফেলে দিয়েছি।


