খাবার না পেয়ে কাউন্সিলর হান্নান সরকারের অফিস ঘেরাও, বিক্ষোভ
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৬:৪২ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : হতদরিদ্র মানুষ খাবার না পেয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকারের অফিস ঘেরাওসহ বিক্ষোভ মিছিল করেছে। ন্যাশনাল আইডি কার্ড নিলেও এখনও কোন খাদ্য সামগ্রী পান নাই বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় কর্মহীন ও অস্বচ্ছল ওয়ার্ডবাসী।
শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় নাসিক ২১নং ওয়ার্ডস্থ শাহী মসজিদ এলাকায় অসহায় ও কর্মহীন প্রায় ৩’শ পরিবার খাদ্য সামগ্রীর কোন সহায়তা না পেয়ে কাউন্সিলর কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ মিছিল করে।
পরে খবর পেয়ে বন্দর ফাঁড়ীর ইন্সপেক্টর আমিনুল ইসলাম ও এসআই গোপাল ঘটনাস্থলে এসে উপস্থিত বিক্ষোব্দ জনতাকে শান্ত করে নিজ নিজ বাড়িতে অবস্থান করার জন্য অনুরোধ জানান এবং বিষয়টি কাউন্সিলরসহ উধ্বর্তন কর্মকর্তাদের সাথে কথা বলবেন বলে আশ^স্ত করেন।
তারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে,নাসিক ২১নং ওয়ার্ডের বাসিন্দা আমরা। করোনা ভাইরাস পরিস্থিতিতে আমাদের কাজ-কর্ম একেবারেই বন্ধ হয়ে গেছে। আমরা ঘর থেকে বেরোতে পারি না। সরকারের দেয়া লক ডাউনে আমরা কঠিন বিপদে আছি।
আমরা পেটের দায়ে বাইরে বেরোইলে পুলিশ পিটায়। কাজ না করলে খামু কি। কাউন্সিলর হান্নান সরকার আমাদের আইডি কার্ড নিয়ে গেছে খাবার ঘরে পৌছে দেবে বলে অথচ আজ ১০দিন হয়ে গেলে কোন খাবার এখনও পাই নাই।
সে তার নিজস্ব লোকদের মাধ্যমে গভীর রাতে ভ্যানগাড়ী দিয়া খাবার তার নির্দিষ্ট ভোটারদের বাড়িতে পৌছে দিচ্ছে। অথচ আমাদের চিৎকার সে শুনতে পায়না। এজন্য আমরা কাউন্সিলর হান্নান সরকারেরর বিরোদ্ধে বিক্ষোভে নামছি।
খাবার না পাইলে এই লক ডাউন দিয়ে আমরা কি করমু। কপালে যদি ভাইরাসে মরন থাকে মরমু কিন্তু না খাইয়া মরতে পারুম না। আমরা এমন লক ডাউন মানি না।
অসহায় বিধবা নারগিছ বলেন, আইডি কার্ড দিছি ১০দিন আগে। কাউন্সিলর হান্নান সরকারের অফিসে গেলে দুর দুর করে তাড়িয়ে দেয়। বলে খাবার ঘরে পৌছে যাবে পরে আর যায় না। এজন্যই আমরা তাকে ভোট দিয়ে কাউন্সিলর বানিয়েছিলাম।
কাউন্সিলর হান্নান সরকারের কাছে আমাগো মত গরিব মাইনষের কোন মূল্য নাই। শুনছি সরকারের দেয়া ত্রান নাকি তার অফিসে আইছে। তাহলে আমাদের খাবার কই। আমরা কি না খাইয়া মইরা যামু। আমাদের কান্না তার কান অব্দি পৌছায়না।
আমাদের কান্নার জলের দাম তার কাছে মূল্যহীণ। সরকারের কাছে আমাদের আবেদন আমাদের খাবার দেন নইলে লক ডাউন তুলে দেন।
এ ব্যাপারে বিক্ষোভ প্রত্যক্ষদর্শী ছাত্রলীগ নেতা নাজমুল হাসান আরিফ বলেন, করোনা ভাইরাস মহামারী আকার ধারন করেছে। নারায়ণগঞ্জ জেলাকে রেড জোন হিসেবে চিহিৃত করা হয়েছে। সরকারীভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে। সকলকে ঘরে থাকার জন্য আহ্বান করা হচ্ছে।
আমরা ব্যাক্তিগতভাবেও কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি। তবে এই দূর্যোগের সময় অসহায় মানুষের পাশে জনপ্রতিনিধিদের এগিয়ে আসা প্রয়োজন। সম্ভব হলে স্ব-স্ব কাউন্সিলররা স্থানীয়ভাবে সমাজে বিত্তবানদের সাথে আলোচনা করে একটি ফান্ড তৈরী করে অসহায় মানুষের পাশে দাড়াতে পারে।
এ ব্যাপারে আরেক বিক্ষোভ প্রত্যক্ষদর্শী মহানগর ইসলামী ইন্দোলনের সভাপতি নুর হোসেন বলেন, আমরা ২১নং ওয়ার্ডে অসহায় মানুষকে সহায়তা করার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এখানে অনেক অসহায় মানুষ আছে যাদের আইডি কার্ড কাউন্সিলর নিলেও তারা এখনও কিছুই পায় নাই। সরকারী ত্রান কোথায় দিয়েছে সে ভাল বলতে পারবে।
আমাদের এলাকার কাউন্সিলর হান্নান সরকার তো অনেক প্রভাবশালী। সে দেশের এই ক্রান্তিকালে তার ওয়ার্ডে বসবাসরত ১৮হাজার লোককে যদি ১ হাজার টাকা করে দেয় তার কমতি হবে না। কিন্তু সে সরকারী ত্রানের আশায় বসে আছে।
এটাই কি জনপ্রতিনিধির শপথ ছিল। এটাই কি তার জনসভা। আসলে মানুষের দূর্দিনে যারা এগিয়ে না আসে তারা মানুষের কাতারে পড়েনা। তাদের সমূলে বয়কট করা উচিৎ।
এ ব্যাপারে ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার বলেন, আমি আমার ওয়ার্ডবাসীর কল্যানে সব সময় কাজ করছি। কেউ কেউ দরিদ্র মানুষদের পুজি করে রাজনীতি করার চেষ্টা করছে। তাদের ইন্দন দিয়ে বিক্ষোভ করাচ্ছে। যা মুটেই ঠিক করছে না।
সাংসদ সেলিম ওসমান ও সিটি কর্পোরেশনের দেয়া সহায়তাসহ আমার নিজস্ব উদ্যোগেও ৫’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি। সব জায়গায় একই ভাবে হয়ত দিতে পারি নাই। তবে একটু ধৈর্য্য ধরলে আশা করি সবার বাড়িতে খাবার পৌছে যাবে ইনশাআল্লাহ।


