রাসেল আহমেদ : ভরদুপুর। কাঠফাটা রোদ। চারদিকে কোলাহল। পাল্লা দিয়ে রয়েছে মাছির ভনভন শব্দ। হাজার হাজার ঝুপড়ি ঘর। আয়তন ১২ বাই ১৫ হাত।
শিশুদের সংখ্যা চোখে পড়ার মতো। তাদের বয়স ৬ কি ৭। অনেক মায়ের কোলে ছোট ছোট শিশু। আটপৌরে চেহারা। কোটরাগত ঢুলু ঢুলু চোখ। কোনো রাখঢাকের ধার ধারে না।
নারী-পুরুষের অবাধ চলাচল। বলছি, রাজধানী ঢাকার উপকন্ঠের বালু ও শীতলক্ষ্যা নদী ঘেষা এক চিলতে ব-দ্বীপের মতো নানা রঙের মানুষ নিয়ে গড়ে ওঠা চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের কথা। লোকে চেনে চনপাড়া বস্তি হিসাবে।
প্রায় দেড় লাখ লোকের বসবাসকারী চনপাড়া এখন করোনার ভাইরাসে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এখানকার অধিকাংশ লোক শ্রমজীবি ও নিন্মআয়ের মানুষ হওয়ার কারণে তারা করোনার ব্যাপারে সচেতন নয়। স্থানীয়দের মতে, চনপাড়াকে লকডাউন করা না হলে বড় ধরণের ঝূঁকিতে পড়বে দেড় লাখ বাসিন্দা।
অনুসন্ধানে জানা গেছে, ১৯৭৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের বিভিন্ন এলাকার নদী ভাঙ্গা, ভূমিহীন ও দুর্ভিক্ষ মানুষদের রূপগঞ্জের চনপাড়ায় ওয়াসার এক’শ ২৬ একর জমির উপড় পূর্নবাসন করেন।
স্থানীয় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সূত্রে, চনপাড়ায় প্রায় বর্তমানে দেড় লাখ লোকের বসবাস। ঘিঞ্জি পরিবেশ, স্যানিটেশন ব্যবস্থা না থাকাসহ নানা কারণে চনপাড়ায় স্বাস্থ্যঝুঁকি ছিলো নিত্যনৈমত্তিক ব্যাপার। করোনার কারণে এ ঝূঁকি আরো বহুগুণে বেড়ে গেছে বলে মনে করছেন স্থানীয় স্বাস্থ্যকর্মীরা।
বুধবার চনপাড়া ঘুরে দেখা গেছে, চনপাড়ায় কোন পয়নিষ্কাশনের ব্যবস্থা নেই। পয়নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এলাকার পরিবেশ নোংরা হয়ে থাকে। যেখানে সেখানে আবর্জনা পড়ে রয়েছে।
কথা হয় স্থানীয় রিকসা চালক ফজলুল হক মিয়ার সঙ্গে। তিনি বলেন, কিছু কওয়ার নাই বাপ। আমাগো দিকে কেউ চায়না। করোনা কি এইডাই অনেকে বুঝেনা।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, লাখো জনগণের জন্য মাত্র একটি ক্লিনিক রয়েছে। তা-ও অপ্রতুল। ডাক্তার থাকেতো ঔষুধ থাকেনা, ঔষুধ থাকেতো ডাক্তার থাকেনা।
চনপাড়ার কয়েকটি এনজিও সংস্থার কর্মীরা বলেন, চনপাড়ায় হাত ধোয়ার অভ্যাস নেই ৭০ ভাগ লোকের। অধিকাংশ লোকই খাওয়ার আগে ও পরে ভালোভাবে হাত না ধুয়ে খাবার খান। করোনার ভয় এদের মাথায় নেই।
বুধবার দুপুর সাড়ে ১২ টা। ৪ নং ওয়ার্ডে গিয়ে দেখা যায়, এক শিশু তার মায়ের কাছে খাবার চেয়ে কান্না করছে। মা আলফাতুননেছা শিশুটিকে হাত না ধুইয়েই খেতে দিলেন। ঐ শিশুটিও খেতে শুরু করে।
হাত না ধুয়ে খেতে দেওয়ার কারণ কি জিজ্ঞেস করতেই আলফাতুননেছা চেচিয়ে বলে উঠেন, আফনার কি। এর ক্ষতিকারক দিক তুলে ধরলে তিনি বলেন, কত্তো খাইয়া ফালাইলাম। পোলাপানগো কত্তো খাওয়াইছি। কিছু অয়না।
করোনা রোগের কথা বলতেই ঐ নারী বলেন, এ রোগের নামতো টিভিতে দেহি। কেউতো আইয়া কয় নাই হাত ধোয়ন লাগবো।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, চনপাড়ার মোড়ে-মোড়ে লোকজনের জটলা। কেউ কোন নিয়ম মানছেননা। চায়ের দোকান, বাজার, হোটেল, কাপড়ের দোকান সবখানে নারী-পুরুষের উপস্থিতি। কেউ কোন রাখ-ঢাক মানছেননা।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, করোনার এমন পর্যায়েও চনপাড়ায় রাত-দিন সমানতালে চলে মাদকসেবন ও জুয়াখেলা। স্পটে-স্পটে ৮/৯ জন একত্রে বসে মাদক সেবন করছে।
স্থানীয়রা বলেন, করোনা সচেতনতায় মাইকিং করা হলেও কেউ ভ্রুক্ষেপ করছেনা। এনজিও সংস্থা অনিবার্ণসহ কয়েকটি সামাজিক সংগঠন হাত ধোয়ার ব্যবস্থা করলেও লোকজনের তুলনায় খুবই কম।
স্থানীয় লোকজন অভিযোগ করে বলছেন, সন্ধ্যায় পুলিশ এসে দোকানপাট বন্ধ করার কথা বলে চলে যায়। পুলিশের কথা কেউ তেমন শুনছেননা।
এক্ষেত্রে চনপাড়ায় সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। এনজিও সংস্থা অনিবার্ণের আহবায়ক নূরে আলম মুন বলেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি লোকজনকে হাত ধোয়ার ব্যাপারে সচেতন করতে। এ পরিসর আরো বাড়াবো।
রূপগঞ্জের স্বাস্থ্যকর্মী ও স্থানীয় বিভিন্ন এনজিওদের মতে, করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে রূপগঞ্জে সবচেয়ে বেশি ঝূঁকিতে পড়বে চনপাড়া পূর্নবাসন কেন্দ্র। করোনা বিষয়ে সচেনতন নয় চনপাড়া এলাকার ৮০ ভাগ মানুষ।
করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সাধারণ মানুষকে ঘরে ভেতরে থাকা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বললেও তা মানছে না চনপাড়াবাসী।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহম্মেদ বলেন, চনপাড়ার লোকজন স্বাস্থ্য বিষয়ে অজ্ঞ। এখানকার বেশিরভাগ লোকজন শ্রমজীবি ও নিন্ম আয়ের মানুষ। তাই তারা অনেক নিয়ম-কানুন মেনে চলেনা।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম মম বলেন, চনপাড়া খুবই ঘিঞ্জি এলাকা। এখানকার পরিবেশও ভাল নেই। চনপাড়া নিয়ে আলাদাভাবে ভাবা হচ্ছে।


