রিক্সাচালক শ্রমিকদের খাদ্যসামগ্রী বিতরণ করলেন শ্রমিক নেতা পলাশ
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ১০:৫৪ পিএম
ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন শ্রমিক নেতা কোউসার আহমাদ পলাশ। রোববার (৫ এপ্রিল) দুপুরে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দুঃখ দুর্দশা লাঘবে পাশে রয়েছেন শ্রমজীবী মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ শ্রমিক নেতা কাউসার আহমাদ পলাশ। করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ৫ হাজার মানুষের তালিকা তৈরি করে খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি বাড়ি কড়া নাড়ছেন তিনি। কখনো রাত, কখনো সকাল আবার কখনো দুপুর থেকে সন্ধ্যা অবধি অভুক্ত শ্রমিকদের মাঝে পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী।
শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিমউদ্দিনকে সাথে নিয়ে নিজ এলাকা আলীগঞ্জ থেকে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেন। ধারাবাহিকভাবে বিভিন্ন সেক্টরে নিয়োজিত হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন। যেখানেই খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছেন সেখানেই তিনি সামাজিক দূরত্বের বিষয়টি মাথায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করছেন।


