রূপগঞ্জে ১০ হাজার হতদরিদ্র পরিবারের পাশে বসুন্ধরা গ্রুপ
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ১০:৩৮ পিএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : ফালানি বিবি। বয়স ৮০ ছঁই-ছুঁই। স্বামী কাশেম আলী মারা গেছেন দশ বছর আগে। এরপর আর কেউ খবর নেয়নি তার। আশি বছরের জীবনে কলেরা, বসন্তসহ অনেক মহামারি দেখেছেন তিনি। তবে করোনারমতো মহামারি দেখেননি কখনোও। এটা তার জীবন তছনছ করে দিয়েছে। জীবনের অন্তিম সময়ে অনেকটা অলৌকিকভাবে তার পাশে দাঁড়িয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপ। ‘গরীবের বন্ধু রফিক ভাই’ খ্যাত কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ ও রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের তত্ত্বাবধানে গত এক যুগ ধরে বসুন্ধরা গ্রুপ রূপগঞ্জের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় রোববার (৫ এপ্রিল) দিনব্যাপি কাঞ্চন পৌরসভার করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ অসহায়, হতদরিদ্র প্রায় ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগে গত ৪ দিনে রূপগঞ্জের তিনটি ইউনিয়নের ২৪ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, ‘দেশ ও মানুষের কল্যাণে’ শ্লোগান নিয়ে গত এক যুগ ধরে বসুন্ধরা গ্রুপ রূপগঞ্জের মানুষের পাশে আছেন। বসুন্ধরা গ্রুপের পূর্বাঞ্চল পরিচালক ও রূপগঞ্জের নাওড়া এলাকার সমাজসেবক রফিকুল ইসলাম রফিকের তত্ত্বাবধানে রূপগঞ্জের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বসুন্ধরা গ্রুপ।
সাম্প্রতিকালের করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থদের পাঁশে দাঁড়ালেন বসুন্ধরা গ্রুপ। গত ৪ দিনে রূপগঞ্জের তিনটি ইউনিয়নে ২৪ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
জনসমাগমরোধে ও সাধারণ মানুষের কষ্টের কথা ভেবে প্রায় ৬ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন বসুন্ধরা গ্রুপের লোকজন। দুপুরে কাঞ্চন মায়ারবাড়ি নামক স্থানে শফিকুল ইসলাম মোঘলের বাংলো বাড়িতে বাকি ৪ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও নাওড়া এলাকার সমাজসেবক মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা ইসলাম মোঘল, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাফিজুর রহমান ভূঁইয়া সজীব, রূপগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরি অপু প্রমুখ।
এসময় মিজানুর রহমান বলেন, দেশ ও মানুষের কল্যাণে বসুন্ধরা গ্রুপ নিবেদিত প্রাণ। বিগত সময়েও বসুন্ধরা গ্রুপ রূপগঞ্জের মানুষের পাশে ছিলেন। ভবিষ্যতেও থাকবেন। বসুন্ধরা গ্রুপের পক্ষ হয়ে রূপগঞ্জের নাওড়া এলাকার সমাজসেবক, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ ও রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক ভাই সবসময় আপনাদের পাশে থাকবেন। রূপগঞ্জবাসীর বিপদে-আপদে তিনি সব সময় সজাগ রয়েছেন। আপনারা তার জন্য দোয়া করবেন।
সত্তোর্ধ্ব মনোয়ারা বেগম বলেন, আমার সোয়ামী মারা গেছে ৫ বছর অইছে। অনেক কষ্ট কইরা চলতাছি বাপ। কেউ খবর নেয়না। করোনা না ফরোনা এগুলাইন বুঝিনা। আর কয়দিন বাচুমই, খাইয়া মরবার চাই। রফিক স্যারে খাওন দিছে হুনলাম। আল্লায় হের মনের আশা পূরণ করুক।
কথা হয় ৭৫ বছর বয়সী সাইফুল হকের সঙ্গে। এসেছেন কৃষ্ণনগর থেকে। পেটের তাগিদে আসা সাইফুল হক বলেন, বউরে হারাইছি (হারিয়েছি) ২৬ বছর অইছে। একখান পোলা আছে। পাওয়ারলুম কারখানায় কাম করতো। করোনার লেইগ্যা হেইডাও বন্ধ। ঘরে এক হপ্তা (সপ্তাহ) ধইরা খাওয়ন নাই। হুনছি রফিক স্যারে গরীব মাইনষের লেইগ্যা অনেক করে। আজকা (রবিবার) আইয়া দেখলাম হাছাই (সত্যি)। আল্লাহতায়া মানুষটারে যেন আরো বড় করে দোয়া করি।
উল্লেখ্য, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক গত দুই দশক ধরে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। গরীব মেয়ের বিয়ে, অচ্ছল পরিবারের ছেলেমেয়ের লেখাপড়ার খরচ, স্কুল-মসজিদ-মাদ্রাসায় অনুদান, অসুস্থ-চিকিৎসার জন্য অনুদান, রমজান মাসে হতদরিদ্র মানুষের জন্য তেল-চিনি-ডাল বিতরণ, ঈদে শাড়ি-লুঙ্গী বিতরণসহ নানাভাবে মানুষের পাশে দাঁড়ান। বেকার যুবকদের কর্মসংস্থান করেছেন তিনি। ন্যায়-নীতির উর্ধ্বে থাকার কারণে তিনি সবার কাছে প্রিয়জন। আর এ কারণে তিনি গোটা রূপগঞ্জে ‘গরীবের বন্ধু রফিক ভাই’ হিসাবে পরিচিতি লাভ করেছেন।


