বন্দর (যুগের চিন্তা ২৪) : বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৭ মাসের শিশুসহ এক দম্পতি আহত হয়েছে। রোববার (৫ এপ্রিল) বেলা ১১টায় বন্দর উপজেলার মিনারবাড়ী এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে।
সন্ত্রাসী হামলায় আহতরা হলো তাজুল ইসলাম (২৮), তার স্ত্রী পারভিন (২০) ও ৭ মাসের শিশু জান্নাতুল। এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করেছে।
এ ব্যাপারে আহত তাজুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষ মজিবর, নাসিমা বেগম, নয়ন ও সহিদকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে, বন্দর উপজেলার মিনারবাড়ি এলাকার আমান উল্ল্যাহ মিয়ার ছেলে তাজুল ইসলামের সাথে একই এলাকার মজিবর মিয়ার সাথে র্দীঘদিন ধরে বাড়ি সীমানা সংক্রান্ত বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় রোববার বেলা ১১টায় প্রতিপক্ষ মজিবর ও তার স্ত্রী নাসিমা বেগম একই এলাকার মগা মিয়ার ২ ছেলে নয়ন ও সহিদ তাজুল ইসলামের বাড়ি সিমানা তুলে ফেলে।
এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে প্রতিপক্ষ মজিবর মিয়া ও তার স্ত্রী নাসিমা বেগম ক্ষিপ্ত হয়ে পারভিন বেগমের কোল থেকে ৭ মাসের শিশুকে ছিনিয়ে নিয়ে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় নয়ন ও সহিদ তাদের বেদম পিটিয়ে জখম করে পালিয়ে যায়।


