ষ্টাফ রিপোর্টার : সদর উপজেলার ফতুল্লার কুতুবআইল কাঁঠেরপুল এলাকায় আওয়ামীলীগ নেতা হাজী মো. গিয়াসউদ্দিনের মালিকানাধীন মালিহা নিট ফ্যাশনে চুরি সংগঠিত হয়েছে।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মোঃ মিজানুর রহমান বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। যার নং-২২৬৯, তারিখ ২০/০৩/২০২০ইং। বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাতে ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
মোঃ মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত চোরেরা কাটার দিয়ে গ্রীল কেটে গার্মেন্টসের চতুর্থ তলায় এক্সিকিউটিভ ডাইরেক্টরের রুম ও ক্যাশ রুমে প্রবেশ করে গার্মেন্টসের তৈরী মালামাল এবং ক্যাশ ভেঙ্গে দুই লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায়। এ সময় কয়েকটি সিসি ক্যামেরাও ভাঙচুর করে।
ফ্যাক্টরির অপরাপর সিসি ক্যামেরায় দেখা যায় রাত ৮ টায় ছুটি হওয়ার পর সবাই বেরিয়ে গেলেও এক শ্রমিক টেবিলের নিচে লুকিয়ে থাকে। পরে ফ্যাক্টরির অগ্নি নির্বাপক যন্ত্রের সাথে থাকা কাটার মেশিন দিয়ে গ্রীল কেটে থান কাপড় গ্রীলে বেঁধে নিচে ফেললে তা বেঁয়ে অন্য চোরেরা উপরে উঠে এসে এ ঘটনা ঘটায়।
তিনি আরো জানান, বাহিরের সিসি ক্যামেরায় একটি বাসের উপস্থিতি দেখা গেছে। যাতে বুঝা যায় চোরদের মেশিনসহ আরও কিছু নিয়ে যাওয়া এবং ফ্যাক্টরিতে নিজস্ব কামরায় রাতে ঘুমানো ব্যবস্থাপনা পরিচালক হাজী মোঃ গিয়াসউদ্দিনের কোন ক্ষতি সাধন করার অভিপ্রায় ছিল। রাস্তায় চলাচলকারী মানুষের উপস্থিতির কারনে তাদের ব্যাপক পরিকল্পনা ভেস্তে যায় এবং উপরোক্ত জিনিসপত্র নিয়েই তারা পালিয়ে যায়। পূর্ব শত্রুতার জের ধরেই নিকটতম আশপাশের কেউ এ চুরির ঘটনাটি সংগঠিত করেছে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, উক্ত ঘটনায় জড়িত সন্দেহে জামালপুর জেলার খলিলুর রহমানের ছেলে গার্মেন্টসকর্মী রানা নামের এক শ্রমিককে গ্রেফতার করা হয়েছে।


